Home Book19 88 · বাংলা বাইবেল

Book19

Chapter 88

বাংলা বাইবেল
1হে সদাপ্রভু, আমার ত্রাণেশ্বর, আমি দিবসে ও রাত্রিতে তোমার সম্মুখে ক্রন্দন করিয়াছি।
2আমার প্রার্থনা তোমার সাক্ষাতে উপস্থিত হউক; আমার কাকূক্তিতে কর্ণপাত কর।
3কেননা আমার প্রাণ দুঃখে পরিপূর্ণ, আমার জীবন পাতালের নিকটবর্ত্তী।
4আমি গর্ত্তগামীদের সহিত গণিত, আমি নিঃশক্তি মনুষ্যের সমান হইয়াছি।
5আমি মৃতগণের মধ্যে পরিত্যক্ত, আমি কবরশায়ী নিহতদের সদৃশ, যাহাদিগকে তুমি আর স্মরণ কর না; তাহারা তোমার হস্ত হইতে বিচ্ছিন্ন রহিয়াছে।
6তুমি আমাকে নীচতম গর্ত্তে রাখিয়াছ, অন্ধকারে ও গভীর স্থানে রাখিয়াছ।
7আমার উপরে তোমার ক্রোধ চাপিয়া আছে, তুমি আপনার সমস্ত তরঙ্গ দ্বারা আমাকে দুঃখার্ত্ত করিয়াছ। সেলা।
8তুমি আমার আত্মীয়দিগকে আমা হইতে দূরে রাখিয়াছ, তাহাদের কাছে আমাকে নিতান্ত ঘৃণার্হ করিয়াছ; আমি অবরুদ্ধ, বাহিরে আসিতে পারি না।
9আমার চক্ষু দুঃখে নিস্তেজ হইয়াছে, আমি প্রতিদিন তোমাকে ডাকিয়াছি, হে সদাপ্রভু, তোমার দিকে অঞ্জলি প্রসারণ করিয়াছি।
10তুমি কি মৃতগণের পক্ষে আশ্চর্য্য ক্রিয়া করিবে? প্রেতগণ কি উঠিয়া তোমার স্তবগান করিবে? সেলা।
11কবরের মধ্যে কি তোমার দয়া, বিনাশস্থানে কি তোমার বিশ্বস্ততা প্রচারিত হইবে?
12অন্ধকারে কি তোমার আশ্চর্য্য ক্রিয়া, বিস্মৃতির দেশে কি তোমার ধর্ম্মশীলতা জানা যাইবে?
13কিন্তু, হে সদাপ্রভু, আমি তোমার উদ্দেশে আর্ত্তনাদ করিয়াছি, প্রাতে আমার প্রার্থনা তোমার সম্মুখবর্ত্তী হইবে।
14হে সদাপ্রভু, তুমি কেন আমার প্রাণকে পরিত্যাগ করিতেছ? আমা হইতে কেন তোমার মুখ লুকাইতেছ?
15বাল্যকাল হইতে আমি দুঃখী ও মৃতকল্প; আমি তোমার ত্রাসভারে সঙ্কুচিত।
16তোমার কোপাগ্নি আমার উপর দিয়া গিয়াছে; তোমার ত্রাস আমাকে উচ্ছেদ করিয়াছে।
17তাহা সমস্ত দিন জলের ন্যায় আমাকে ঘেরিয়াছে; তাহা একসঙ্গে আমাকে বেষ্টন করিয়াছে।
18তুমি প্রেমিক ও সুহৃৎকে আমা হইতে দূর করিয়াছ; অন্ধকারই আমার জ্ঞাতিকুটুম্ব।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme