Book19
Chapter 83
বাংলা বাইবেল1হে ঈশ্বর, মৌনী থাকিও না; হে ঈশ্বর, নীরব ও নিস্তব্ধ হইও না।
2কেননা, দেখ, তোমার শত্রুগণ গর্জ্জন করিতেছে, তোমার বিদ্বেষিগণ মস্তক তুলিয়াছে।
3তাহারা তোমার প্রজাদের বিরুদ্ধে চক্রান্ত করিতেছে, তোমার লুক্কায়িতগণের বিরুদ্ধে পরস্পর পরামর্শ আঁটিতেছে।
4তাহারা বলিয়াছে, আইস, আমরা উহাদিগকে উচ্ছিন্ন করি, আর জাতি থাকিতে না দিই, যেন ইস্রায়েলের নাম আর স্মরণে না থাকে।
5কারণ তাহারা একচিত্তে মন্ত্রণা করিয়াছে; তাহারা তোমার বিরুদ্ধে নিয়ম স্থাপন করে।
6ইদোমের তাম্বু সকল ও ইশ্মায়েলীয়গণ, মোয়াব ও হাগারীয়গণ,
7গবাল, অম্মোন ও অমালেক, সোর-বাসীদের সহিত পলেষ্টীয়া;
8অশূরিয়াও তাহাদের সঙ্গে যোগ দিয়াছে, তাহারা লোট-সন্তানগণের বাহু হইয়াছে। সেলা।
9ইহাদের প্রতি তদ্রূপ কর, যেরূপ মিদিয়নের প্রতি করিয়াছিলে, কীশোন নদীতে যেরূপ সীষরার ও যাবীনের প্রতি করিয়াছিলে;
10তাহারা ঐন্দোরে বিনষ্ট হইল, ভূমির উপরে সারস্বরূপ হইল।
11তুমি ইহাদের প্রধানবর্গকে ওরেব ও সেবের সমান কর, ইহাদের অধিপতি সকলকে সেবহ ও সল্মুন্নের সমান কর।
12ইহারা বলিয়াছে, আইস, আমরা অধিকার করিয়া লই আপনাদের জন্য ঈশ্বরের নিবাস সকল।
13হে আমার ঈশ্বর, তুমি ইহাদিগকে ঘূর্ণায়মান ধূলির ন্যায় কর, বায়ুর সম্মুখস্থ নাড়ার ন্যায় কর।
14যেমন দাবানল বন দগ্ধ করে, যেমন অগ্নিশিখা পর্ব্বতরাজি লেহন করে;
15তদ্রূপ তুমি ইহাদিগকে তোমার ঝটিকায় তাড়না কর, তোমার প্রচণ্ড বাত্যায় বিহ্বল কর।
16তুমি ইহাদের মুখ লজ্জায় পরিপূর্ণ কর, যেন, হে সদাপ্রভু, ইহারা তোমার নামের অন্বেষণ করে।
17ইহারা চিরতরে লজ্জিত ও বিহ্বল হউক, ইহারা হতাশ ও বিনষ্ট হউক;
18আর জানুক যে তুমি, যাঁহার নাম সদাপ্রভু, একা তুমিই সমস্ত পৃথিবীর উপরে পরাৎপর।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.