Home Book28 1 · বাংলা বাইবেল

Book28

Chapter 1

বাংলা বাইবেল
1যিহূদা-রাজ উষিয়, যোথম, আহস ও হিষ্কিয়ের সময়ে, এবং যোয়াশের পুত্র ইস্রায়েল-রাজ যারবিয়ামের সময়ে সদাপ্রভুর এই বাক্য বেরির পুত্র হোশেয়ের নিকটে উপস্থিত হইল।
2সদাপ্রভু যখন প্রথমে হোশেয় দ্বারা কথা বলেন, তখন সদাপ্রভু হোশেয়কে কহিলেন, তুমি যাও, ব্যভিচারের স্ত্রীকে ও ব্যভিচারের সন্তানদিগকে গ্রহণ কর, কেননা এই দেশ সদাপ্রভুর অনুগমন হইতে নিবৃত্ত হওয়ায় ভয়ানক ব্যভিচার করিতেছে।
3তাহাতে তিনি গিয়া দিব্‌লায়িমের কন্যা গোমরকে গ্রহণ করিলেন; আর সেই স্ত্রী গর্ভবতী হইয়া তাঁহার জন্য পুত্র প্রসব করিল।
4তখন সদাপ্রভু তাঁহাকে কহিলেন, তুমি উহার নাম যিষ্রিয়েল রাখ, কেননা অল্প দিন পরে আমি যেহূর কুলকে যিষ্রিয়েলের রক্তপাতের ফল ভোগ করাইব, এবং ইস্রায়েল-কুলের রাজ্য শেষ করিব।
5আর সেই দিন আমি যিষ্রিয়েল-তলভূমিতে ইস্রায়েলের ধনু ভঙ্গ করিব।
6পরে সেই স্ত্রী পুনর্ব্বার গর্ভধারণ করিয়া কন্যা প্রসব করিল; তাহাতে [সদাপ্রভু] হোশেয়কে কহিলেন, তুমি তাহার নাম লো-রুহামা [অনুকম্পিতা নয়] রাখ, কেননা আমি ইস্রায়েল-কুলের প্রতি আর অনুকম্পা করিব না, কোন ক্রমে তাহাদের পাপ ক্ষমা করিব না।
7কিন্তু যিহূদা-কুলের প্রতি অনুকম্পা করিব, এবং তাহাদিগকে তাহাদের ঈশ্বর সদাপ্রভু দ্বারা পরিত্রাণ করিব; ধনু কি খড়্‌গ কি যুদ্ধ কি অশ্ব কি অশ্বারোহী দ্বারা পরিত্রাণ করিব না।
8পরে সে লো-রুহামাকে স্তন্যপান ত্যাগ করাইয়া গর্ভবতী হইল, এবং এক পুত্র প্রসব করিল।
9তখন [সদাপ্রভু] কহিলেন, তুমি তাহার নাম লো-অম্মি [আমার প্রজা নয়] রাখ; কেননা তোমরা আমার প্রজা নহ, এবং আমিও তোমাদের পক্ষ হইব না।
10কিন্তু ইস্রায়েল-সন্তানগণের সংখ্যা সমুদ্রের সেই বালুকার ন্যায় হইবে, যাহা পরিমাণ করা যায় না, ও গণনা করা যায় না। আর এই কথা যে স্থানে তাহাদিগকে বলা গিয়াছিল, ‘তোমরা আমার প্রজা নহ,’ সেই স্থানে তাহাদিগকে বলা যাইবে, ‘জীবন্ত ঈশ্বরের সন্তান’।
11আর যিহূদা-সন্তানগণ ও ইস্রায়েল-সন্তানগণ একসঙ্গে সংগৃহীত হইবে, এবং আপনাদের উপর এক জন অধ্যক্ষ নিযুক্ত করিবে, এবং সেই দেশ হইতে যাত্রা করিবে; কেননা যিষ্রিয়েলের দিন মহৎ হইবে।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme