Home Book19 118 · বাংলা বাইবেল

Book19

Chapter 118

বাংলা বাইবেল
1সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
2ইস্রায়েল বলুক, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
3হারোণের কুল বলুক, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
4যাহারা সদাপ্রভুকে ভয় করে, তাহারা বলুক, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
5আমি সঙ্কটের মধ্য হইতে সদাপ্রভুকে ডাকিলাম; সদাপ্রভু আমাকে উত্তর দিয়া প্রশস্ত স্থানে [আনিলেন]।
6সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না; মনুষ্য আমার কি করিতে পারে?
7সদাপ্রভু আমার সপক্ষ, আমার সহায়দের মধ্যবর্ত্তী; তাই আমি আপন বিদ্বেষীদের দশা দেখিব।
8মনুষ্যে নির্ভর করণাপেক্ষা সদাপ্রভুর শরণ লওয়া উত্তম।
9প্রধানবর্গে নির্ভর করণাপেক্ষা সদাপ্রভুর শরণ লওয়া উত্তম।
10সমুদয় জাতি আমাকে ঘেরিয়াছে; সদাপ্রভুর নামে আমি তাহাদিগকে উচ্ছেদ করিব।
11তাহারা আমাকে ঘেরিয়াছে, হাঁ, আমাকে ঘেরিয়াছে, সদাপ্রভুর নামে আমি তাহাদিগকে উচ্ছেদ করিব।
12মধুমক্ষিকার ন্যায় তাহারা আমাকে ঘেরিয়াছে, কাঁটার আগুনের মত তাহারা নিবিয়া গেল; সদাপ্রভুর নামে আমি তাহাদিগকে উচ্ছেদ করিব।
13তুমি আমাকে ফেলিয়া দিবার জন্য ধাক্কা মারিয়াছ, কিন্তু সদাপ্রভু আমার সাহায্য করিলেন।
14সদাপ্রভু আমার বল ও গান, আর তিনি আমার পরিত্রাণ হইয়াছেন।
15ধার্ম্মিকগণের তাম্বুতে আনন্দের ও পরিত্রাণের ধ্বনি হইতেছে; সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রমসাধক।
16সদাপ্রভুর দক্ষিণ হস্ত উন্নত, সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রমসাধক।
17আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব, আর সদাপ্রভুর কর্ম্ম সকল বর্ণনা করিব।
18সদাপ্রভু আমাকে ভারী শাস্তি দিয়াছেন, কিন্তু মৃত্যুর হস্তে সমর্পণ করেন নাই।
19আমার জন্য ধার্ম্মিকতার দ্বার সকল খুলিয়া দেও; আমি তাহা দিয়া প্রবেশ করিব, সদাপ্রভুর স্তব করিব।
20এই ত সদাপ্রভুর দ্বার, ইহা দিয়া ধার্ম্মিকগণ প্রবেশ করে।
21আমি তোমার স্তব করিব, কেননা তুমি আমাকে উত্তর দিয়াছ, আর তুমি আমার পরিত্রাণ হইয়াছ।
22গাঁথকেরা যে প্রস্তর অগ্রাহ্য করিয়াছে, তাহা কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল।
23ইহা সদাপ্রভু হইতেই হইয়াছে, ইহা আমাদের দৃষ্টিতে অদ্ভুত।
24অদ্য সদাপ্রভুর কৃত দিন; আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব।
25আহা! সদাপ্রভু, বিনয় করি, পরিত্রাণ কর; আহা! সদাপ্রভু, বিনয় করি, সৌভাগ্য দেও।
26ধন্য তিনি, যিনি সদাপ্রভুর নামে আসিতেছেন; আমরা সদাপ্রভুর গৃহ হইতে তোমাদিগকে ধন্যবাদ করি।
27সদাপ্রভুই ঈশ্বর; তিনি আমাদিগকে দীপ্তি দিয়াছেন; তোমরা রজ্জু দ্বারা উৎসবের বলি বেদির শৃঙ্গে বাঁধ।
28তুমি আমার ঈশ্বর, আমি তোমার স্তব করিব; তুমি আমার ঈশ্বর, আমি তোমার প্রতিষ্ঠা করিব।
29তোমরা সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়; তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme