Book18
Chapter 7
বাংলা বাইবেল1পৃথিবীতে কি মর্ত্ত্যকে সৈন্যবৃত্তি করিতে হয় না? তাহার দিনসমূহ কি বেতনজীবীর দিনের তুল্য নহে?
2দাস যেমন ছায়ার আকাঙ্ক্ষা করে, বেতনজীবী যেমন আপন বেতন অপেক্ষা করে;
3তেমনি অলীকতার মাসপর্য্যায় আমার দায়াংশ, কষ্টকর রাত্রি সকল আমার জন্য নিরূপিত।
4শয়নকালে আমি বলি, কখন্ উঠিব? কিন্তু রাত্রি দীর্ঘ হইয়া পড়ে, প্রভাত পর্য্যন্ত আমি কেবল ছট্ফট্ করিতে থাকি।
5কীট ও মাটীর ঢেলা আমার মাংসের আচ্ছাদন; আমার চর্ম্ম ফাটিয়াছে ও গলিত হইয়াছে।
6তন্তুবায়ের মাকু অপেক্ষা আমার আয়ু দ্রুতগামী, তাহা আশাবিহীন হইয়া শেষ হয়।
7স্মরণ কর, আমার জীবন শ্বাসমাত্র, আমার চক্ষু আর মঙ্গল দেখিতে পাইবে না;
8আমার দর্শনকারীর চক্ষু আর আমাকে দেখিবে না; আমার প্রতি তোমার দৃষ্টি পড়িবে, কিন্তু আমি অনুদ্দিষ্ট হইব।
9মেঘ যেমন ক্ষয় পাইয়া অন্তর্হিত হয়, তেমনি যে পাতালে নামে, সে আর উঠিবে না।
10সে আপনার গৃহে আর ফিরিয়া আসিবে না, তাহার স্থান আর তাহাকে চিনিবে না।
11অতএব আমি আর মুখ বুজিয়া থাকিব না; আমি আত্মার উদ্বেগে কথা বলিব, প্রাণের তিক্ততায় বিলাপ করিব।
12আমি কি সমুদ্র না তিমি যে, আমার উপরে তুমি প্রহরী রাখিতেছ?
13আমি যখন বলি, আমার খট্টা আমাকে সান্ত্বনা করিবে, আমার শয্যা দুঃখের উপশম করিবে;
14তখন তুমি নানা স্বপ্নে আমাকে উদ্বিগ্ন কর, নানা দর্শনে আমাকে ত্রাসযুক্ত কর।
15তাহাতে আমার প্রাণ শ্বাসরোধ চাহে, আমার এই অস্থিকঙ্কাল অপেক্ষা মরণ চাহে।
16আমার ঘৃণা হইয়াছে, আমি নিত্য বাঁচিয়া থাকিতে চাহি না; আমাকে ছাড়, কেননা আমার আয়ু নিশ্বাসবৎ।
17মর্ত্ত্য কি যে, তুমি তাহাকে মহান্ জ্ঞান কর, যে, তাহার উপরে তোমার মন পড়ে,
18যে, প্রতিপ্রভাতে তুমি তাহার তত্ত্ব কর, এবং নিমিষে নিমিষে তাহার পরীক্ষা কর?
19তুমি কত কাল আমা হইতে আপন দৃষ্টি ফিরাইবে না? আমার ঢোঁকগেলার মধ্যে কি আমাকে ছাড়িবে না?
20হে মনুষ্যদর্শক, আমি যদি পাপ করিয়া থাকি, তবে আমার কর্ম্মে তোমার কি হয়? তুমি কেন আমাকে তোমার শরলক্ষ্য করিয়াছ? আমি ত আপনার ভার আপনি হইয়াছি।
21তুমি আমার অধর্ম্ম ক্ষমা কর না কেন? আমার অপরাধ দূর কর না কেন? আমি ত এক্ষণে ধূলিতে শয়ন করিব, তুমি সযত্নে আমার অন্বেষণ করিবে, কিন্তু আমি অনুদ্দিষ্ট হইব।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.