Home Book18 13 · বাংলা বাইবেল

Book18

Chapter 13

বাংলা বাইবেল
1দেখ, এ সকল আমি স্বচক্ষে দেখিয়াছি, এই সকল স্বকর্ণে শুনিয়া বুঝিয়াছি।
2তোমরা যাহা জান, আমিও জানি, আমি তোমাদের হইতে নিকৃষ্ট নহি।
3কিন্তু আমি সর্ব্বশক্তিমানের সহিত কথা কহিতে চাই, ঈশ্বরের সহিত বিচার করিতে বাসনা করি।
4কিন্তু তোমরা ত নিতান্ত মিথ্যাবাক্য রচক, তোমরা সকলে অকর্ম্মণ্য চিকিৎসক।
5আহা! তোমরা একেবারে নীরব হইয়া থাক, ইহাই তোমাদের প্রজ্ঞা।
6বিনয় করি, আমার যুক্তি শ্রবণ কর, আমার ওষ্ঠাধরের তর্কে মন দেও।
7তোমরা কি ঈশ্বরের পক্ষে অন্যায়পূর্ব্বক কথা কহিবে? তাঁহার পক্ষে কি প্রতারণাপূর্ব্বক বাক্য বলিবে?
8তোমরা কি তাঁহার মুখাপেক্ষা করিবে? ঈশ্বরের পক্ষে কি বিবাদ করিবে?
9তিনি তোমাদের পরীক্ষা করিলে কি মঙ্গল হইবে? মনুষ্য যেমন মনুষ্যকে ভুলায়, তেমনি তোমরা কি তাঁহাকে ভুলাইবে?
10তিনি তোমাদিগকে অবশ্য অনুযোগ করিবেন, যদি তোমরা গোপনে মুখাপেক্ষা কর।
11তাঁহার মহত্ত্ব কি তোমাদিগকে ত্রাসযুক্ত করিবে না? তাঁহার ভয়ানকতায় কি তোমরা ভীত হও না?
12তোমাদের স্মরণীয় শ্লোকমালা ভস্মপ্রবাদ, তোমাদের দুর্গ সকল কর্দ্দম-দুর্গ।
13নীরব হও; আমাকে ছাড়, আমিই বলি, আমার যাহা হয় হউক।
14আমি কেন আমার মাংস দন্তে গ্রহণ করিব? কেন আমার প্রাণ আমার হস্তে রাখিব?
15যদিও তিনি আমাকে বধ করেন, তথাপি আমি তাঁহার অপেক্ষা করিব, কিন্তু তাঁহার সম্মুখে আপন পথের সমর্থন করিব।
16ইহাও আমার পরিত্রাণে পরিণত হইবে; কেননা পামর তাঁহার সম্মুখে আইসে না।
17মনোযোগ করিয়া আমার কথা শুন, আমার নিবেদন তোমাদের কর্ণগোচর হউক।
18দেখ, আমি আমার যুক্তি বিন্যাস করিলাম; আমি জানি যে, আমি নির্দ্দোষ হইব।
19বিচারে কে আমার প্রতিবাদ করিবে? করিলে আমি নীরব হইয়া প্রাণত্যাগ করিব।
20তুমি কেবল দুইটী কার্য্য আমার প্রতি করিও না, তাহাতে আমি তোমার সম্মুখ হইতে লুকাইব না;
21তোমার হস্ত আমা হইতে দূরে সরাইয়া লও, তোমার ভীষণতা আমাকে ভীত না করুক;
22তখন তুমি ডাকিও, আমি উত্তর করিব, কিম্বা আমি কথা কহিব, তুমি উত্তর দিও।
23আমার অপরাধ ও পাপ কত? আমার অধর্ম্ম ও পাপ আমাকে জ্ঞাত কর।
24তুমি কেন আপন মুখ লুকাইতেছ? কেন আমাকে তোমার শত্রু বলিয়া ধরিতেছ?
25তুমি কি বায়ুচালিত পত্র ত্রাসযুক্ত করিবে? তুমি কি শুষ্ক তৃণকে তাড়না করিবে?
26কারণ তুমি আমার বিরুদ্ধে তিক্ত কথা লিখিতেছ, আমাকে যৌবনের অপরাধের ফলভোগ করাইতেছ;
27তুমি আমার চরণ নিগড়ে বদ্ধ করিতেছ, আমার সমস্ত মার্গে লক্ষ্য রাখিতেছ, আমার পাদমূলের চারিদিকে আলি বাঁধিতেছ।
28আমি ক্ষয়শীল গলিত বস্তুর ন্যায়, আমি কীটকুট্টিত বস্ত্রের সদৃশ।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme