Home Book18 42 · বাংলা বাইবেল

Book18

Chapter 42

বাংলা বাইবেল
1পরে ইয়োব সদাপ্রভুকে উত্তর করিয়া কহিলেন,
2আমি জানি, তুমি সকলই করিতে পার; কোন সঙ্কল্প সাধন তোমার অসাধ্য নয়।
3এ কে যে জ্ঞান বিনা মন্ত্রণাকে গুপ্ত রাখে? সত্য, আমি তাহাই বলিয়াছি, যাহা বুঝি নাই, যাহা আমার পক্ষে অদ্ভুত, আমার অজ্ঞাত।
4বিনয় করি, নিবেদন শুন, আমি কিছু বলি; আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বুঝাইয়া দেও।
5পূর্ব্বে তোমার বিষয় কর্ণে শুনিয়াছিলাম, কিন্তু সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল।
6এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি, ধূলায় ও ভস্মে বসিয়া অনুতাপ করিতেছি।
7ইয়োবকে এই সকল বলিবার পর সদাপ্রভু তৈমনীয় ইলীফসকে কহিলেন, তোমার প্রতি ও তোমার দুই বন্ধুর প্রতি আমার কোপাগ্নি প্রজ্বলিত হইয়াছে, কারণ আমার দাস ইয়োব যেরূপ বলিয়াছে, তোমরা আমার বিষয়ে তদ্রূপ যথার্থ কথা বল নাই।
8অতএব তোমরা সাতটী বৃষ ও সাতটী মেষ লইয়া আমার দাস ইয়োবের নিকটে গিয়া আপনাদের নিমিত্ত হোমবলি উৎসর্গ কর। আর আমার দাস ইয়োব তোমাদিগের নিমিত্ত প্রার্থনা করিবে; কারণ আমি তাহাকে গ্রাহ্য করিব; নতুবা আমি তোমাদিগকে তোমাদের মূর্খতানুযায়ী প্রতিফল দিব; কেননা আমার দাস ইয়োবের ন্যায় তোমরা আমার বিষয়ে যথার্থ কথা বল নাই।
9তখন তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্‌দদ ও নামাথীয় সোফর গিয়া সদাপ্রভুর বাক্যানুযায়ী কর্ম্ম করিলেন; আর সদাপ্রভু ইয়োবকে গ্রাহ্য করিলেন।
10পরে ইয়োব আপন বন্ধুগণের নিমিত্ত প্রার্থনা করিলে সদাপ্রভু তাঁহার দুর্দ্দশার পরিবর্ত্তন করিলেন; বস্তুতঃ সদাপ্রভু ইয়োবকে পূর্ব্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন।
11পরে ইয়োবের ভ্রাতা ও ভগিনীরা সকলে এবং পূর্ব্বপরিচিত লোকেরা সকলে তাঁহার নিকটে আসিয়া তাঁহার বাটীতে তাঁহার সহিত ভোজন করিল ও তাঁহার জন্য দুঃখ প্রকাশ করিল, এবং সদাপ্রভু কর্ত্তৃক ঘটিত সমস্ত বিপদের বিষয়ে তাঁহাকে সান্ত্বনা করিল, আর প্রত্যেক জন এক এক খণ্ড কসীতা মুদ্রা ও এক একটী সুবর্ণের কুণ্ডল তাঁহাকে দিল।
12আর সদাপ্রভু ইয়োবের প্রথম অবস্থা হইতে শেষাবস্থা অধিক আশীর্ব্বাদযুক্ত করিলেন; তাঁহার চতুর্দ্দশ সহস্র মেষ, ছয় সহস্র উষ্ট্র, এক সহস্র যোড়া বলদ ও এক সহস্র গর্দ্দভী হইল।
13আর তাঁহার সাত পুত্র ও তিন কন্যা জন্মিল।
14তিনি জ্যেষ্ঠা কন্যার নাম যিমীমা, দ্বিতীয়ার নাম কৎসীয়া ও তৃতীয়ার নাম কেরণহপ্পূক রাখিলেন।
15ইয়োবের কন্যাগণের তুল্য রূপবতী যুবতী সমস্ত দেশে মিলিত না, এবং তাহাদের পিতা তাহাদের ভ্রাতৃগণের সহিত তাহাদিগকে দায়াধিকার দিলেন।
16পরে ইয়োব আর এক শত চল্লিশ বৎসর জীবিত থাকিয়া আপন পুত্র পৌত্রাদি চারি পুরুষ পর্য্যন্ত দেখিলেন।
17শেষে ইয়োব বৃদ্ধ ও পূর্ণায়ু হইয়া প্রাণত্যাগ করিলেন।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme