Home Book18 27 · বাংলা বাইবেল

Book18

Chapter 27

বাংলা বাইবেল
1পরে ইয়োব পুনর্ব্বার কথা প্রসঙ্গ করিলেন,
2বলিলেন, জীবন্ত ঈশ্বরের দিব্য—যিনি আমার বিচার অগ্রাহ্য করিয়াছেন, সর্ব্বশক্তিমানের দিব্য—যিনি আমার প্রাণ তিক্ত করিয়াছেন,
3(কারণ আমার মধ্যে নিঃশ্বাস এখনও সম্পূর্ণ আছে, আমার নাসিকায় ঈশ্বরীয় প্রাণবায়ু আছে;)
4নিশ্চয়ই আমার ওষ্ঠ অন্যায় কহিবে না, আমার জিহ্বা প্রতারণা উচ্চারণ করিবে না।
5আমি তোমাদিগকে ধার্ম্মিক বলি, এমন যেন না হয়; প্রাণ থাকিতে আমি আপন সিদ্ধতা ত্যাগ করিব না।
6আমার ধার্ম্মিকতা আমি রক্ষা করিব, ছাড়িব না। আমি জীবিত থাকিতে আমার মন আমাকে ধিক্কার দিবে না।
7আমার শত্রু দুর্জ্জনের তুল্য হউক, যে আমার বিরুদ্ধে উঠে, সে অন্যায়ীর সমান হউক।
8বস্তুতঃ পামর ধন সঞ্চয় করিলেও তাহার প্রত্যাশা কি? কেননা ঈশ্বর তাহার প্রাণ হরণ করিবেন।
9যখন তাহার সঙ্কট ঘটে, ঈশ্বর কি তাহার ক্রন্দন শুনিবেন?
10সে কি সর্ব্বশক্তিমানে আমোদ করে? নিত্য কি ঈশ্বরকে আহ্বান করে?
11আমি ঈশ্বরের হস্তের বিষয়ে তোমাদিগকে উপদেশ দিব, সর্ব্বশক্তিমানের নিকটে যাহা আছে, তাহা গোপনে রাখিব না।
12দেখ তোমরা সকলেই তাহা দেখিয়াছ, তবে কেন এমন অলীক হইয়া পড়িয়াছ?
13দুষ্ট লোক ঈশ্বর হইতে এই ভাগ্য পায়, সর্ব্বশক্তিমান্‌ হইতে দুর্দ্দান্তেরা এই অধিকার লাভ করে।
14এমন লোকেরা পুত্রবাহুল্য হইলে খড়্‌গে নষ্ট হইবে, তাহার সন্তানসন্ততি ভক্ষ্যে তৃপ্ত হইবে না;
15তাহার অবশিষ্টেরা মারী দ্বারা কবরস্থ হইবে; তাহার বিধবাগণ রোদন করিবে না।
16সে যদিও ধূলির ন্যায় রৌপ্য সঞ্চয় করে, যদিও কর্দ্দমের ন্যায় পরিচ্ছদ প্রস্তুত করে,
17তবু প্রস্তুত করিলেও ধার্ম্মিক সেই বস্ত্র পরিবে, নির্দ্দোষ সেই রৌপ্য বিভাগ করিয়া লইবে।
18তাহার নির্ম্মিত গৃহ তন্তুকীটের বাসার তুল্য, তাহা ক্ষেত্ররক্ষকের কৃত কুঁড়িয়ার তুল্য।
19সে ধনী হইয়া শয়ন করে, কিন্তু সংগৃহীত হইবে না; সে চক্ষু উন্মীলন করে, আর সে নাই।
20জলরাশির ন্যায় ত্রাস তাহাকে আক্রমণ করিবে; রাত্রিতে তাহাকে ঝড়ে উড়াইয়া লইবে।
21পূর্ব্বীয় বায়ু তাহাকে তুলিয়া লয়, সে চলিয়া যায়, তাহা স্বস্থান হইতে তাহাকে দূরে নিক্ষেপ করে।
22[ঈশ্বর] তাহার উপরে বাণ ত্যাগ করিবেন, দয়া করিবেন না; সে তাঁহার হস্ত এড়াইবার জন্য পলায়ন করিবে।
23লোকে তাহাকে হাততালি দিবে, শিশ্‌ দিয়া তাহাকে স্বস্থান হইতে দূর করিবে।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme