Book13
Chapter 17
বাংলা বাইবেল1পরে দায়ূদ যখন আপন গৃহে বাস করিতে লাগিলেন, তখন তিনি নাথন ভাববাদীকে কহিলেন, দেখুন, আমি এরসকাষ্ঠের গৃহে বাস করিতেছি, কিন্তু সদাপ্রভুর নিয়ম-সিন্দুক যবনিকার অন্তরালে বাস করিতেছে।
2নাথন দায়ূদকে কহিলেন, যাহা কিছু আপনার মনে আছে, তাহাই করুন, কেননা ঈশ্বর আপনার সহবর্ত্তী।
3কিন্তু সেই রাত্রিতে ঈশ্বরের এই বাক্য নাথনের নিকটে উপস্থিত হইল,
4তুমি যাও, আমার দাস দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, তুমি আমার জন্য বসতি-গৃহ নির্ম্মাণ করিবে না।
5ইস্রায়েলকে বাহির করিয়া আনিবার দিন হইতে অদ্য পর্য্যন্ত আমি ত কোন গৃহে বাস করি নাই, কিন্তু এক তাম্বু হইতে অন্য তাম্বুতে ও এক আবাস হইতে [অন্য আবাসে] গিয়াছি।
6সমস্ত ইস্রায়েলের মধ্যে সকল স্থানে আমার যাতায়াত কালে আমি যাহাকে আমার প্রজাদিগের পালনের ভার দিয়াছিলাম, ইস্রায়েলের এমন কোন বিচারকর্ত্তাকে কি কখনও এই কথা বলিয়াছি যে, তোমরা কেন আমার জন্য এরসকাষ্ঠের গৃহ নির্ম্মাণ কর নাই?
7অতএব এখন তুমি আমার দাস দায়ূদকে এই কথা বলিবে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আমার প্রজা ইস্রায়েলের নায়ক করিবার জন্য আমিই তোমাকে মেষবাথান হইতে ও মেষের পশ্চাৎ হইতে গ্রহণ করিয়াছি।
8আর তুমি যে কোন স্থানে গমন করিয়াছ, সেই স্থানে তোমার সহবর্ত্তী থাকিয়া তোমার সম্মুখ হইতে তোমার সমস্ত শত্রুকে উচ্ছেদ করিয়াছি, আর আমি তোমার নাম পৃথিবীস্থ মহাপুরুষদের নামের মত করিব।
9আর আমি আপন প্রজা ইস্রায়েলের জন্য একটী স্থান নিরূপণ করিব, ও তাহাদিগকে রোপন করিব; যেন তাহারা আপনাদের সেই স্থানে বাস করে, এবং আর বিচলিত না হয়;
10দুষ্ট লোকেরা তাহাদিগকে আর নষ্ট করিবে না, যেমন পূর্ব্বে করিত, এবং যে অবধি আমি আপন প্রজা ইস্রায়েলের উপরে বিচারকর্ত্তৃগণকে নিযুক্ত করিয়াছিলাম, সেই অবধি যেমন হইত। আর আমি তোমার সমস্ত শত্রুকে নত করিব। আরও তোমাকে কহিতেছি, তোমার জন্য সদাপ্রভু এক কুল নির্ম্মাণ করিবেন।
11আর তোমার দিন সম্পূর্ণ হইলে যখন তোমাকে আপন পিতৃলোকদের নিকটে যাইতে হইবে, তখন আমি তোমার পরে তোমার বংশকে, তোমার পুত্রগণের মধ্যে এক জনকে, স্থাপন করিব; এবং তাহার রাজ্য স্থির করিব।
12সেই আমার নিমিত্ত এক গৃহ নির্ম্মাণ করিবে, এবং আমি তাহার সিংহাসন চিরস্থায়ী করিব।
13আমি তাহার পিতা হইব, ও সে আমার পুত্র হইবে; এবং যে তোমার পূর্ব্বে ছিল, তাহা হইতে যেমন আপন দয়া অপসারণ করিয়াছিলাম, তেমনি ইহা হইতে তাহা অপসারণ করিব না।
14কিন্তু আমার গৃহে ও আমার রাজ্যে তাহাকে চিরকাল স্থির রাখিব, এবং তাহার সিংহাসন চিরস্থায়ী হইবে।
15নাথন দায়ূদকে এই সমস্ত বাক্যানুসারে ও এই সমস্ত দর্শন অনুসারে কথা কহিলেন।
16তখন দায়ূদ রাজা ভিতরে গিয়া সদাপ্রভুর সম্মুখে বসিলেন, আর কহিলেন, হে সদাপ্রভু ঈশ্বর, আমি কে, আমার কুলই বা কি যে, তুমি আমাকে এ পর্য্যন্ত আনিয়াছ?
17আর হে ঈশ্বর, তোমার দৃষ্টিতে ইহাও ক্ষুদ্র বিষয় হইল; তুমি আপন দাসের কুলের বিষয়েও সুদীর্ঘ কালের উদ্দেশে কথা কহিলে, এবং হে সদাপ্রভু ঈশ্বর, আমাকে উচ্চপদস্থ মনুষ্যের শ্রেণীভুক্ত বলিয়া জ্ঞান করিলে।
18তোমার দাসের প্রতি কৃত সম্মানের বিষয়ে দায়ূদ তোমাকে আর কি বলিবে? তুমি ত আপন দাসকে জ্ঞাত আছ।
19হে সদাপ্রভু, তুমি আপন দাসের নিমিত্ত, ও নিজ হৃদয় অনুসারে, এই সমস্ত মহৎ কার্য্য সাধন করিয়া [এই] সমস্ত মহৎ কর্ম্ম জ্ঞাত করিয়াছ।
20হে সদাপ্রভু, তোমার তুল্য কেহই নাই, ও তুমি ব্যতীত কোন ঈশ্বর নাই; আমরা স্বকর্ণে যাহা যাহা শুনিয়াছি, তদনুসারে [ইহা জানি]।
21পৃথিবীর মধ্যে কোন্ একটী জাতি তোমার প্রজা ইস্রায়েলের তুল্য? তুমি ঈশ্বর তাহাকে আপন প্রজা করিবার জন্য মুক্ত করিতে গিয়াছিলে, যেন মিসর হইতে মুক্ত তোমার প্রজাবর্গের সম্মুখ হইতে জাতিগণকে তাড়াইয়া দিবার সময়ে মহৎ মহৎ ও ভয়ঙ্কর ভয়ঙ্কর কার্য্য দ্বারা আপন নাম প্রতিষ্ঠিত কর।
22তুমি ত তোমার প্রজা ইস্রায়েলকে চিরকালের জন্য আপন প্রজা করিয়াছ; আর হে সদাপ্রভু, তুমিই তাহাদের ঈশ্বর হইয়াছ।
23এখন হে সদাপ্রভু, তুমি আপন দাসের ও তাহার কুলের বিষয়ে যে বাক্য বলিয়াছ, তাহা চিরকালের জন্য স্থিরীকৃত হউক; যেমন বলিয়াছ, তদনুসারে কর।
24তোমার নাম চিরকালের জন্য স্থিরীকৃত ও মহিমান্বিত হউক; লোকে বলুক, বাহিনীগণের সদাপ্রভুই ইস্রায়েলের ঈশ্বর, ইস্রায়েলের পক্ষীয় ঈশ্বর, আর তোমার দাস দায়ূদের কুল তোমার সাক্ষাতে সুস্থির।
25বাস্তবিক, হে আমার ঈশ্বর, তুমি আমার জন্য এক কুল উৎপন্ন করিবে, এই কথা আপন দাসের কাছে প্রকাশ করিলে; এই কারণ তোমার কাছে এই প্রার্থনা করিতে তোমার দাসের মনে সাহস জন্মিল।
26আর এখন, হে সদাপ্রভু, তুমিই ঈশ্বর, এবং তুমি আপন দাসের কাছে এই মঙ্গল প্রতিজ্ঞা করিয়াছ।
27এখন তুমি অনুগ্রহ করিয়া আপন দাসের কুলকে আশীর্ব্বাদ করিয়াছ, যেন সেই কুল তোমার সম্মুখে চিরকাল থাকে; কেননা, হে সদাপ্রভু, তুমিই আশীর্ব্বাদ করিয়াছ, তাই তাহা চিরকালের জন্য আশীর্ব্বাদযুক্ত।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.