Home Bibles গীতসংহিতা 49 · বাংলা বাইবেল ||

গীতসংহিতা

Chapter 49

বাংলা বাইবেল
1হে সমুদয় জাতি, তোমরা ইহা শ্রবণ কর; জগন্নিবাসিগণ সকলে, কর্ণপাত কর। 2সামান্য লোকের কি মান্যবান লোকের সন্তান; ধনী কি দরিদ্র, নির্ব্বিশেষে শ্রবণ কর। 3আমার মুখ প্রজ্ঞার কথা কহিবে, আমার চিত্তের আলোচনা বুদ্ধির ফল হইবে। 4আমি দৃষ্টান্ত কথায় কর্ণপাত করিব, বীণাযন্ত্রে আপন গূঢ় বাক্যের ব্যাখ্যা করিব। 5সেই বিপৎকালে আমি কেন ভয় করিব, যখন তাহাদের অপরাধ আমাকে বেষ্টন করে, যাহারা আমাকে বঞ্চনা করে, 6যাহারা আপনাদের ধনে নির্ভর করে, আপনাদের সম্পত্তিবাহুল্যের শ্লাঘা করে, 7তাহাদের মধ্যে কেহই কোন মতে ভ্রাতাকে মুক্ত করিতে পারে না, কিম্বা তাহার প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরকে কিছু দিতে পারে না, 8( কেননা তাহাদের প্রাণের মুক্তি দুর্মূল্য, এবং চিরকালেও অসাধ্য;) 9যেন সে নিত্যজীবী হয়, যেন সে ক্ষয় না দেখে। 10কারণ সে দেখে যে, জ্ঞানবানেরা মরে, হীনবুদ্ধি ও পশুবৎ লোক নির্ব্বিশেষে বিনষ্ট হয়, তাহারা অন্যদের জন্য আপনাদের ধন রাখিয়া যায়। 11তাহাদের আন্তরিক ভাব এই, তাহাদের বাটী চিরস্থায়ী, তাহাদের বাসস্থান পুরুষানুক্রমে থাকিবে, তাহারা স্ব স্ব নামানুসারে ভূমির নাম রাখে। 12কিন্তু মনুষ্য ঐশ্বর্য্যশালী হইলেও স্থির থাকে না; সে নশ্বর পশুদিগের সদৃশ। 13এই তাহাদের পথ, তাহাদের হীনবুদ্ধিতা; তথাপি তাহাদের পরে লোকে তাহাদের বাক্যের অনুমোদন করে। সেলা। 14তাহারা পাতালের জন্য নিযুক্ত মেষপালবৎ, মৃত্যু তাহাদিগকে চরাইবে; সরলগণ প্রভাতে তাহাদের উপরে কর্ত্তৃত্ব করিবে; তাহাদের রূপ পাতালে নষ্ট হইবে, তাহার কোন বসতিস্থান আর থাকিবে না। 15কিন্তু ঈশ্বর পাতালের হস্ত হইতে আমার প্রাণ মুক্ত করিবেন; কেননা তিনি আমাকে গ্রহণ করিবেন। সেলা। 16তুমি ভীত হইও না, যখন কেহ ধনবান হয়, যখন তাহার কুলের ঐশ্বর্য্য বৃদ্ধি পায়, 17কেননা মরণকালে সে কিছুই সঙ্গে লইয়া যাইবে না, তাহার ঐশ্বর্য্য তাহার অনুগমন করিবে না। 18সে জীবদ্দশায় আপন প্রাণকে আশীর্ব্বাদ করিত; আর তুমি আপনার মঙ্গল করিলে লোকে তোমার স্তব করে। 19সে আপন পিতৃবংশের কাছে যাইবে, তাহারা দীপ্তির দর্শন কখনও পাইবে না। 20সে মনুষ্য ঐশ্বর্য্যশালী অথচ অবোধ, সে নশ্বর পশুদিগের সদৃশ।

Choose Theme