Home Bibles ☰ Books গীতসংহিতা 135 · বাংলা বাইবেল ||

গীতসংহিতা

Chapter 135

বাংলা বাইবেল
1তোমরা সদাপ্রভুর প্রশংসা কর; সদাপ্রভুর নামের প্রশংসা কর, হে সদাপ্রভুর দাসগণ, তোমরা প্রশংসা কর; 2তোমরা, যাহারা সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাক, আমাদের ঈশ্বরের গৃহ-প্রাঙ্গণে দাঁড়াইয়া থাক। 3সদাপ্রভুর প্রশংসা কর, কেননা সদাপ্রভু মঙ্গলময়; তাঁহার নামের উদ্দেশে সঙ্গীত কর, কেননা তাহা মনোহর। 4কারণ সদাপ্রভু আপনার নিমিত্ত যাকোবকে, নিজস্ব অধিকার বলিয়া ইস্রায়েলকে মনোনীত করিয়াছেন। 5আমি ত জানি, সদাপ্রভু মহান, আমাদের প্রভু সমস্ত দেবতা অপেক্ষা মহান্‌। 6সদাপ্রভু যাহা ইচ্ছা করিয়াছেন, তাহাই করিয়াছেন, আকাশে, পৃথিবীতে, সমুদ্র-সমূহে ও সমস্ত জলধি-মধ্যে করিয়াছেন। 7তিনি পৃথিবীর প্রান্ত হইতে বাষ্প উত্থাপন করেন, তিনি বৃষ্টির নিমিত্ত বিদ্যুৎ গঠন করেন, আপন ভাণ্ডার হইতে বায়ু বাহির করিয়া আনেন। 8তিনি মিসরের প্রথমজাতদিগকে আঘাত করিয়াছিলেন, মনুষ্য ও পশু উভয়ের মধ্যে। 9হে মিসর! তিনি তোমার মধ্যে চিহ্ন ও লক্ষণমালা পাঠাইয়াছিলেন, ফরৌণের ও তাঁহার সমস্ত দাসের বিরুদ্ধে। 10তিনি আঘাত করিয়াছিলেন বড় বড় জাতিকে, বধ করিয়াছিলেন বিক্রমী রাজগণকে; 11ইমোরীয়দের রাজা সীহোনকে, বাশনের রাজা ওগকে, ও কনানের সমস্ত রাজ্যকে। 12তিনি তাহাদের দেশ অধিকার জন্য দিলেন, নিজ প্রজা ইস্রায়েলকে অধিকার জন্য দিলেন। 13হে সদাপ্রভু, তোমার নাম অনন্তকালস্থায়ী, হে সদাপ্রভু, তোমার স্মরণ পুরুষানুক্রমে স্থায়ী। 14কারণ সদাপ্রভু আপন প্রজাদের বিচার করিবেন, আপন দাসগণের উপরে সদয় হইবেন। 15জাতিগণের প্রতিমা সকল রৌপ্য ও সুবর্ণ, সে গুলি মনুষ্যের হস্তের কার্য্য। 16মুখ থাকিতেও তাহারা কথা কহে না; চক্ষু থাকিতেও দেখিতে পায় না; 17কর্ণ থাকিতেও শুনিতে পায় না; তাহাদের মুখে শ্বাসমাত্রও নাই। 18যেমন তাহারা, তেমনি হইবে তাহাদের নির্ম্মাতারা, আর যে কেহ সে গুলিতে নির্ভর করে। 19হে ইস্রায়েলের কুল, সদাপ্রভুর ধন্যবাদ কর; হে হারোণের কুল, সদাপ্রভুর ধন্যবাদ কর; 20হে লেবির কুল, সদাপ্রভুর ধন্যবাদ কর; হে সদাপ্রভুর ভয়কারিগণ, সদাপ্রভুর ধন্যবাদ কর। 21ধন্য হউন সদাপ্রভু সিয়োন হইতে, তিনি যিরূশালেমে বাস করেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

Choose Theme