ইয়োব
Chapter 35
বাংলা বাইবেল
1ইলীহূ আরও কহিতে লাগিলেন,
2আপনি কি ইহা ন্যায্য জ্ঞান করিতেছেন? আপনি কি বলিতেছেন, ঈশ্বরের ধর্ম্ম হইতে আমার ধর্ম্ম অধিক?
3কারণ আপনি বলিতেছেন, আমার কি উপকার? পাপ করিলে যাহা হইত, তাহা অপেক্ষা আমার কি লাভ হইবে?
4আমি আপনাকে উত্তর দিব, আপনার বন্ধুগণকেও সঙ্গে সঙ্গে উত্তর দিব।
5আকাশমণ্ডলের প্রতি দৃষ্টি করিয়া দেখুন, মেঘমালা নিরীক্ষণ করুন, তাহা আপনা হইতে উচ্চ।
6আপনি যদি পাপ করেন, তাঁহার বিরুদ্ধে কি করিবেন? অধর্ম্মের বাহুল্যে আপনি তাঁহার কি করিবেন?
7যদি ধার্ম্মিক হন, তাঁহাকে কি দিতে পারেন? আপনার হস্ত হইতেই বা তিনি কি গ্রহণ করিবেন?
8আপানার দুষ্টতার ফল আপনার তুল্য মনুষ্যে, আপনার ধার্ম্মিকতার ফল মনুষ্য-সন্তানে বর্ত্তে।
9উপদ্রবের বাহুল্যে লোকে ক্রন্দন করে, বলবানদের বাহু প্রযুক্ত ত্রাহি ত্রাহি করে।
10কিন্তু কেহ বলে না, আমার নির্ম্মাতা ঈশ্বর কোথায়? তিনি ত রাত্রিকালে গান প্রদান করেন।
11তিনি ভূতলের পশুদের অপেক্ষা আমাদের অধিক শিক্ষা দেন, আকাশের পক্ষীদের অপেক্ষা অধিক বুদ্ধিমান করেন।
12তথায় দুরাত্মাদের অহঙ্কার প্রযুক্ত লোকে ক্রন্দন করে, কিন্তু তিনি উত্তর করেন না।
13বাস্তবিক ঈশ্বর অলীক কথা শুনেন না, সর্ব্বশক্তিমান্ তাহা নিরীক্ষণ করেন না।
14আর আপনি বলিতেছেন, আমি তাঁহাকে দেখিতে পাই না; বিচার তাঁহার সম্মুখে, তাঁহার অপেক্ষা করুন।
15কিন্তু এখন তিনি নিজ কোপে শাসন করেন নাই, দর্পের প্রতি বিশেষ অবধান করেন নাই,
16তাই ইয়োব অসার কথায় মুখ খুলিয়াছেন, তিনি না জানিয়াও অনেক কথা বলেন।