Book26
Chapter 4
বাংলা বাইবেল1আর হে মনুষ্য-সন্তান, তুমি একখানি ইষ্টক লইয়া তোমার সম্মুখে রাখ, ও তাহার উপরে এক নগরের অর্থাৎ যিরূশালেমের ছবি আঁক।
2আর তাহা সৈন্যে বেষ্টিত কর, তাহার বিরুদ্ধে গড় গাঁথ, তাহার বিপরীতে জাঙ্গাল বাঁধ, স্থানে স্থানে তাহার বিরুদ্ধে শিবির স্থাপন কর, ও তাহার বিরুদ্ধে চারিদিকে প্রাচীর-ভেদক যন্ত্র স্থাপন কর।
3আর একখানা লোহার তাওয়া লইয়া তোমার ও নগরের মধ্যস্থলে লৌহ-প্রাচীরের ন্যায় তাহা স্থাপন কর, এবং তোমার মুখ তাহার দিকে রাখ, তাহাতে তাহা অবরুদ্ধ হইবে, ও তুমি তাহা অবরোধ করিয়া থাকিবে। ইস্রায়েল-কুলের জন্য ইহা চিহ্নস্বরূপ হইবে।
4পরে তুমি বাম পার্শ্বে শয়ন করিয়া ইস্রায়েল-কুলের অপরাধ তাহার উপরে রাখ; যতদিন তুমি তাহাতে শয়ন করিবে, ততদিন তাহাদের অপরাধ বহন করিবে।
5আমি তাহাদের অপরাধ বৎসরের সংখ্যা তোমার জন্য দিনের সংখ্যা, অর্থাৎ তিনশত নব্বই দিন রাখিলাম; এইরূপে তুমি ইস্রায়েল-কুলের অপরাধ বহন করিবে।
6সেই সকল সমাপ্ত করিলে পর তুমি আপন দক্ষিণ পার্শ্বে শয়ন করিবে, এবং যিহূদা-কুলের অপরাধ বহন করিবে; আমি চল্লিশ দিন, এক এক বৎসরের নিমিত্ত এক এক দিন, তোমার জন্য রাখিলাম।
7আর তুমি আপন মুখ যিরূশালেমের অবরোধের দিকে রাখিবে, আপন বাহু অনাবৃত করিবে, ও তাহার বিরুদ্ধে ভাববাণী বলিবে।
8আর দেখ, আমি রজ্জু দিয়া তোমাকে বদ্ধ করিব, তাহাতে তুমি যাবৎ তোমার অবরোধের দিন সমাপ্ত না করিবে, তাবৎ এক পার্শ্ব হইতে অন্য পার্শ্বে ফিরিবে না।
9আর তুমি আপনার কাছে গোম, যব, মাষ, মসুরি, কঙ্গু ও জনরা, লইয়া সকলই এক পাত্রে রাখ এবং তাহা দ্বারা রুটী প্রস্তুত কর; যতদিন পার্শ্বে শয়ন করিবে, ততদিন, অর্থাৎ তিনশত নব্বই দিন, তাহা ভোজন করিও।
10তোমরা খাদ্য পরিমাণপূর্ব্বক, অর্থাৎ দিন দিন বিংশতি তোলা করিয়া ভোজন করিতে হইবে; তুমি বিশেষ বিশেষ সময়ে তাহা ভোজন করিবে।
11আর জলও পরিমাণপূর্ব্বক, অর্থাৎ হিনের ষষ্ঠাংশ করিয়া পান করিতে হইবে; তুমি বিশেষ বিশেষ সময়ে তাহা পান করিবে।
12আর ঐ খাদ্যদ্রব্য যবের পিষ্টকের ন্যায় করিয়া ভোজন করিবে, এবং তাহাদের দৃষ্টিতে মনুষ্যের বিষ্ঠা দিয়া তাহা পাক করিবে।
13আর সদাপ্রভু কহিলেন, আমি ইস্রায়েল-সন্তানদিগকে যে জাতিগণের মধ্যে দূর করিয়া দিব, তাহাদের মধ্যে তাহারা সেই প্রকারে আপন আপন অশুচি রুটী খাইবে।
14তখন আমি কহিলাম, আহা, প্রভু সদাপ্রভু, দেখ, আমার প্রাণ অশুচি হয় নাই; আমি বাল্যকাল অবধি অদ্য পর্যন্ত স্বয়ং মৃত কিম্বা পশু দ্বারা বিদীর্ণ কিছুই খাই নাই, ঘৃণার্হ মাংস কখনও আমার মুখে প্রবিষ্ট হয় নাই।
15তখন তিনি আমাকে কহিলেন, দেখ, আমি মনুষ্যের বিষ্ঠার পরিবর্ত্তে তোমাকে গোময় দিলাম, তুমি তাহা দিয়া আপন রুটী পাক করিবে।
16আর তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, দেখ, আমি যিরূশালেমে অন্নরূপ যষ্টি ভগ্ন করিব, তাহাতে তাহারা পরিমাণপূর্ব্বক ভাবনা সহকারে অন্ন ভোজন করিবে, পরিমাণপূর্ব্বক ও বিস্ময় সহকারে জলপান করিবে;
17যেন তাহারা অন্নের ও জলের অভাবে পরস্পর বিস্ময়াপন্ন ও আপন আপন অপরাধে ক্ষীণ হয়।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.