Home Book44 21 · বাংলা বাইবেল

Book44

Chapter 21

বাংলা বাইবেল
1তাঁহাদের নিকট হইতে কষ্টে বিদায় লইয়া, জাহাজ খুলিয়া দিয়া, আমরা সোজা পথে কো দ্বীপে আসিলাম, পরদিন রোদঃ দ্বীপে, এবং তথা হইতে পাতারায় উপস্থিত হইলাম।
2আর এমন একখানি জাহাজ পাইলাম, যাহা পার হইয়া ফৈনীকিয়ায় যাইবে, আমরা তাহাতে উঠিয়া যাত্রা করিলাম।
3পরে কুপ্র দ্বীপ দেখা দিলে তাহা বামদিকে ফেলিয়া আমরা সুরিয়া দেশে গিয়া সোরে নামিলাম; কেননা সেখানে জাহাজের মাল ফেলিতে হইল।
4আর তথাকার শিষ্যগণের সন্ধান করিয়া আমরা সাত দিন তথায় অবস্থিতি করিলাম; ইঁহারা আত্মার দ্বারা পৌলকে বলিলেন, যেন তিনি যিরূশালেমে না যান।
5সেই কয়েকদিন যাপন করিলে পর আমরা বাহির হইয়া প্রস্থান করিলাম, তখন তাঁহারা সকলে স্ত্রী পুত্র লইয়া নগরের বাহির পর্য্যন্ত আমাদিগকে রাখিয়া যাইতে আসিলেন; তথায় সমুদ্রতীরে হাঁটু পাতিয়া আমরা প্রার্থনাপূর্ব্বক পরস্পর বিদায় গ্রহণ করিলাম;
6পরে আমরা জাহাজে উঠিলাম, ও তাঁহারা স্বস্থানে ফিরিয়া গেলেন।
7পরে সোর ছাড়িয়া আমরা জলযাত্রা শেষ করিয়া তলিমায়িতে উপস্থিত হইলাম, এবং ভ্রাতৃগণকে মঙ্গলবাদ করিয়া এক দিন তাঁহাদের সঙ্গে রহিলাম।
8পরদিন আমরা প্রস্থান করিয়া কৈসরিয়াতে আসিলাম, এবং সুসমাচার-প্রচারক ফিলিপ, যিনি সেই সাত জনের এক জন, তাঁহার বাটীতে প্রবেশ করিয়া তাঁহার সঙ্গে অবস্থিতি করিলাম।
9সেই ব্যক্তির চারিটী কুমারী কন্যা ছিলেন, তাঁহারা ভাববাণী বলিতেন।
10সেই স্থানে আমরা অনেক দিন অবস্থিতি করিলে যিহূদিয়া হইতে আগাব নামে এক জন ভাববাদী উপস্থিত হইলেন।
11আর তিনি আমাদের নিকটে আসিয়া পৌলের কটিবন্ধন লইয়া আপনার হাত পা বাঁধিয়া কহিলেন, পবিত্র আত্মা এই কথা কহিতেছেন, যে ব্যক্তির এই কটিবন্ধন, তাহাকে যিহূদীরা যিরূশালেমে এইরূপে বাঁধিবে, এবং পরজাতীয়দের হস্তে সমর্পণ করিবে।
12ইহা শুনিয়া তথাকার ভ্রাতৃগণ ও আমরা পৌলকে বিনতি করিলাম, যেন তিনি যিরূশালেমে না যান।
13তখন পৌল উত্তর করিলেন, তোমরা এ কি করিতেছ? ক্রন্দন করিয়া আমার হৃদয় চূর্ণ করিতেছ? কারণ আমি প্রভু যীশুর নামের নিমিত্ত যিরূশালেমে কেবল বদ্ধ হইতে, তাহা নয়, বরং মরিতেও প্রস্তুত আছি।
14এইরূপে তিনি আমাদের কথা শুনিতে অসম্মত হইলে আমরা ক্ষান্ত হইয়া বলিলাম, প্রভুরই ইচ্ছা সিদ্ধ হউক।
15এই সকল দিনের শেষে আমরা জিনিষপত্র গুছাইয়া লইয়া যিরূশালেমে যাত্রা করিলাম।
16আর কৈসরিয়া হইতে কয়েক জন শিষ্য আমাদের সঙ্গে চলিলেন; তাঁহারা কুপ্র দ্বীপের ম্নাসোন নামক এক জনকে সঙ্গে করিয়া আনিলেন; ইনি এক জন আদিম শিষ্য; ইঁহারই বাটীতে আমাদের অতিথি হইবার কথা।
17যিরূশালেমে উপস্থিত হইলে পর ভ্রাতৃগণ সানন্দে আমাদিগকে গ্রহণ করিলেন।
18পরদিন পৌল আমাদের সহিত যাকোবের বাটীতে প্রবেশ করিলেন; তথায় প্রাচীনবর্গ সকলে উপস্থিত হইলেন।
19পরে তিনি তাঁহাদিগকে মঙ্গলবাদ করিয়া, ঈশ্বর তাঁহার পরিচর্য্যা দ্বারা পরজাতিগণের মধ্যে যে সকল কার্য্য সাধন করিয়াছিলেন, তাহার বৃত্তান্ত এক একটী করিয়া তাঁহাদিগকে জানাইলেন।
20আর তাহা শুনিয়া তাঁহারা ঈশ্বরের গৌরব করিলেন, এবং তাঁহাকে বলিলেন, ভ্রাতঃ, তুমি দেখিতেছ, যিহূদীদের মধ্যে কত সহস্র লোক বিশ্বাসী হইয়াছে, আর তাহারা সকলে ব্যবস্থার পক্ষে উদ্‌যোগী।
21আর তোমার বিষয়ে তাহারা এই সংবাদ পাইয়াছে যে, তুমি পরজাতীয়দের মধ্যে প্রবাসী সমস্ত যিহূদীকে মোশির পথ পরিত্যাগ করিতে শিক্ষা দিয়া বলিয়া থাক, যেন তাহারা শিশুদের ত্বক্‌ছেদ না করে ও যথারীতি না চলে।
22অতএব এখন কি করা যায়? তাহারা ত শুনিতে পাইবেই যে, তুমি আসিয়াছ।
23অতএব আমরা তোমাকে যাহা বলি, তাহাই কর। আমাদের এমন চারি জন পুরুষ আছে, যাহারা মানত করিয়াছে;
24তুমি তাহাদিগকে লইয়া তাহাদের সহিত আপনাকেও শুচি কর, এবং তাহাদের মস্তক মুণ্ডনের জন্য ব্যয় কর। তাহা করিলে সকলে জানিবে, তোমার বিষয়ে যে সকল সংবাদ উহারা পাইয়াছে, সে কিছু নয়, বরং তুমি নিজেও ব্যবস্থা-পালন করিয়া যথানিয়মে চলিতেছ।
25কিন্তু যে পরজাতীয়েরা বিশ্বাসী হইয়াছে, তাহাদের বিষয়ে আমরা বিচার করিয়া লিখিয়াছি যে, প্রতিমার প্রসাদ, রক্ত, গলা টিপিয়া মারা প্রাণীর মাংস এবং ব্যভিচার, এই সকল হইতে যেন তাহারা আপনাদিগকে রক্ষা করে।
26তখন পৌল সেই কয়েক জনকে লইয়া পরদিন তাহাদের সহিত শুচি হইয়া ধর্ম্মধামে প্রবেশ করিলেন, এবং তাহাদের প্রত্যেকের নিমিত্ত নৈবেদ্য উৎসর্গ করা পর্য্যন্ত শুচীকরণ কার্য্যে কত দিন লাগিবে, তাহা জানাইলেন।
27আর সেই সাত দিন প্রায় সমাপ্ত হইলে এসিয়া দেশের যিহূদীরা ধর্ম্মধামের মধ্যে তাঁহার দেখা পাইয়া সমস্ত জনতাকে উত্তেজিত করিয়া তুলিল, এবং তাঁহাকে ধরিয়া চেঁচাইয়া বলিতে লাগিল,
28‘হে ইস্রায়েল-লোক সকল, সাহায্য কর; এ সেই ব্যক্তি, যে সর্ব্বত্র সকলকে আমাদের জাতির ও ব্যবস্থার এবং এই স্থানের বিরুদ্ধে শিক্ষা দেয়; আবার এ গ্রীকদিগকেও ধর্ম্মধামের মধ্যে আনিয়াছে, ও এই পবিত্র স্থান অপবিত্র করিয়াছে।’
29কারণ তাহারা পূর্ব্বে নগরের মধ্যে ইফিষীয় ত্রফিমকে পৌলের সঙ্গে দেখিয়াছিল, মনে করিয়াছিল, পৌল তাহাকে ধর্ম্মধামের মধ্যে আনিয়া থাকিবেন।
30তখন সমুদয় নগর উত্তেজিত হইয়া উঠিল, লোকেরা দৌড়িয়া আসিল, এবং পৌলকে ধরিয়া ধর্ম্মধামের বাহিরে টানিয়া লইয়া গেল, আর অমনি দ্বার সকল রুদ্ধ করা হইল।
31এইরূপে তাহারা তাঁহাকে বধ করিতে চেষ্টা করিলে সৈন্যদলের সহস্রপতির কাছে এই সংবাদ আসিল যে, সমুদয় যিরূশালেমে গণ্ডগোল উপস্থিত।
32অমনি তিনি সেনাদিগকে ও শতপতিদিগকে সঙ্গে লইয়া তাহাদের নিকটে দৌড়িয়া আসিলেন; তাহাতে লোকেরা সহস্রপতিকে ও সেনাদিগকে দেখিতে পাইয়া পৌলকে প্রহার করিতে নিবৃত্ত হইল।
33তখন সহস্রপতি নিকটে আসিয়া তাঁহাকে ধরিলেন, ও দুই শৃঙ্খলে বাঁধিতে আজ্ঞা দিলেন, এবং জিজ্ঞাসা করিলেন, এ কে, আর এ কি করিয়াছে?
34তাহাতে জনতার মধ্যে চেঁচাইয়া কেহ কেহ এক প্রকার, কেহ কেহ অন্য প্রকার কথা কহিল; আর তিনি কোলাহল প্রযুক্ত কিছুই নিশ্চয় করিতে না পারাতে তাঁহাকে দুর্গে লইয়া যাইতে আজ্ঞা দিলেন।
35তখন সোপানের উপরে উপস্থিত হইলে জনতার চণ্ডতা প্রযুক্ত সেনারা পৌলকে বহন করিতে লাগিল;
36কেননা লোকের ভিড় পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল, আর উচ্চৈঃস্বরে বলিতেছিল, উহাকে দূর কর।
37তাহারা পৌলকে দুর্গের ভিতরে লইয়া যাইতে উদ্যত হইলে পৌল সহস্রপতিকে কহিলেন, আপনার কাছে কি কিছু বলিতে পারি? তিনি কহিলেন, তুমি কি গ্রীক জান?
38তবে তুমি কি সেই মিস্রীয় নহ, যে ইহার পূর্ব্বে উপপ্লব করিয়াছিল, ও গুপ্তহন্তাদের মধ্যে চারি সহস্র জনকে সঙ্গে করিয়া প্রান্তরে গিয়াছিল?
39তখন পৌল কহিলেন, আমি যিহূদী, কিলিকিয়াস্থ তার্ষের লোক, সামান্য নগরের পৌর নহি; আপনাকে বিনতি করি, লোকদের নিকটে আমাকে কথা বলিতে অনুমতি দিউন।
40আর তিনি অনুমতি দিলে পৌল সোপানের উপরে দাঁড়াইয়া লোকদের নিকটে হস্ত দ্বারা ইঙ্গিত করিলেন; তখন সকলে নিস্তব্ধ হইলে তিনি তাহাদিগকে ইব্রীয় ভাষায় বলিতে লাগিলেন,
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme