Book30
Chapter 7
বাংলা বাইবেল1প্রভু সদাপ্রভু আমাকে এইরূপ দেখাইলেন, দেখ, পশ্চাজ্জাত তৃণের অঙ্কুরারম্ভে তিনি পঙ্গপালদিগকে গঠন করিলেন; আর দেখ, রাজার তৃণ কাটিবার পরে সেই তৃণ উৎপন্ন হইতেছিল।
2তাহারা ভূমির ওষধি নিঃশেষে ভোজন করিলে আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, বিনয় করি, ক্ষমা কর; যাকোব কিরূপে উঠিয়া দাঁড়াইবে? কেননা সে ক্ষুদ্র।
3সদাপ্রভু তদ্বিষয়ে অনুশোচনা করিলেন; সদাপ্রভু বলিলেন, ইহা হইবে না।
4প্রভু সদাপ্রভু আমাকে এইরূপ দেখাইলেন; দেখ, প্রভু সদাপ্রভু বিবাদ জন্য অগ্নিকে আহ্বান করিলেন, আর সে মহাজলধিকে গ্রাস করিয়া ভূমি গ্রাস করিতে লাগিল।
5তখন আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, বিনয় করি, ক্ষান্ত হও; যাকোব কিরূপে উঠিয়া দাঁড়াইবে? কেননা সে ক্ষুদ্র।
6সদাপ্রভু তদ্বিষয়ে অনুশোচনা করিলেন; প্রভু সদাপ্রভু বলিলেন, ইহাও হইবে না।
7তিনি আমাকে এইরূপ দেখাইলেন, দেখ, প্রভু ওলোন হস্তে লইয়া ওলোনের দ্বারা প্রস্তুত এক ভিত্তির উপরে দাঁড়াইয়া আছেন।
8আর সদাপ্রভু আমাকে কহিলেন, আমোষ, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, ওলোন দেখিতেছি। তখন প্রভু কহিলেন, দেখ, আমি আপন প্রজা ইস্রায়েলের মধ্যে ওলোনসূত্র লাগাইতেছি, তাহাদিগকে আর অমনি ছাড়িয়া যাইব না।
9আর ইস্হাকের উচ্চস্থলী সকল ধ্বংস হইবে, ইস্রায়েলের পুণ্যধাম সকল উৎসন্ন হইবে, এবং আমি খড়্গ লইয়া যারবিয়ামের কুলের বিরুদ্ধে উঠিব।
10তখন বৈথেলের যাজক অমৎসিয় ইস্রায়েল-রাজ যারবিয়ামের কাছে এই কথা বলিয়া পাঠাইল, আমোষ ইস্রায়েল-কুলের মধ্যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করিয়াছে, দেশ তাহার এত বাক্য সহিতে পারে না।
11কেননা আমোষ এই কথা কহিতেছে, যারবিয়াম খড়্গে নিহত হইবেন, ও ইস্রায়েল অবশ্য স্বদেশ হইতে নির্ব্বাসিত হইবে।
12আর অমৎসিয় আমোষকে কহিল, হে দর্শক, তুমি যাও, যিহূদা দেশে পলায়ন কর, সেই স্থানে রুটী ভোজন কর, ও সেই স্থানে ভাববাণী বল;
13কিন্তু বৈথেলে আর কখনও ভাববাণী বলিও না, কেননা এ রাজার পুণ্যধাম ও রাজপুরী।
14তখন আমোষ উত্তর করিয়া অমৎসিয়কে কহিলেন, আমি নিজে ভাববাদী ছিলাম না, ভাববাদীর সন্তানও ছিলাম না, কেবল গোপালক ও ডুমুরফল সংগ্রাহক ছিলাম।
15কিন্তু সদাপ্রভু আমাকে পশুপালের অনুগমন হইতে লইলেন, এবং সদাপ্রভু আমাকে কহিলেন, যাও, আমার প্রজা ইস্রায়েলের কাছে ভাববাণী বল।
16অতএব এখন তুমি সদাপ্রভুর বাক্য শুন, তুমি কহিতেছ, ইস্রায়েলের বিরুদ্ধে ভাববাণী বলিও না, ইস্হাক-কুলের বিপরীতে বাক্য বর্ষাইও না;
17এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, তোমার স্ত্রী নগরের মধ্যে বেশ্যা হইবে, তোমার পুত্রকন্যাগণ খড়্গে পতিত হইবে, তোমার ভূমি মানরজ্জু দ্বারা বিভক্ত হইবে, এবং তুমি নিজে অশুচি দেশে মরিবে, আর ইস্রায়েল স্বদেশ হইতে অবশ্য নির্ব্বাসিত হইবে।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.