Book28
Chapter 5
বাংলা বাইবেল1হে যাজকগণ, এই কথা শুন; হে ইস্রায়েল-কুল, অবধান কর; হে রাজকুল, কর্ণপাত কর, কারণ তোমাদেরই বিচার হইতেছে; কেননা তোমরা মিস্পাতে ফাঁদস্বরূপ ও তাবোরে বিস্তৃত জালস্বরূপ হইয়াছ।
2অত্যাচারীরা হত্যাকার্য্যে গভীরে নামিয়াছে, কিন্তু আমি তাহাদের সকলকে শাস্তি দিব।
3আমি ইফ্রয়িমকে জানি, ইস্রায়েলও আমার অগোচর নয়; বস্তুতঃ হে ইফ্রয়িম, তুমি এখন ব্যভিচার করিয়াছ, ইস্রায়েল অশুচি হইয়াছে।
4তাহাদের কার্য্য সকল তাহাদিগকে তাহাদের ঈশ্বরের প্রতি ফিরিতে দেয় না, কেননা তাহাদের অন্তরে ব্যভিচারের আত্মা থাকে, এবং তাহারা সদাপ্রভুকে জানে না।
5আর ইস্রায়েলের দপ তাহার মুখের উপরে প্রমাণ দিতেছে, এই জন্য ইস্রায়েল ও ইফ্রয়িম আপনাদের অপরাধে উছোট খাইবে, এবং তাহাদের সহিত যিহূদাও উছোট খাইবে।
6তাহারা আপন আপন গোমেষপাল লইয়া সদাপ্রভুর অন্বেষণ করিতে যাইবে, কিন্তু তাঁহার উদ্দেশ পাইবে না; তিনি তাহাদের নিকট হইতে চলিয়া গিয়াছেন।
7তাহারা সদাপ্রভুর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করিয়াছে, কারণ বিজাতীয় সন্তান উৎপন্ন করিয়াছে; এখন অমাবস্যা তাহাদিগকে ও তাহাদের অধিকার গ্রাস করিবে।
8তোমরা গিবিয়াতে ভেরী বাজাও, রামাতে তুরীধ্বনি কর, বৈৎ-আবনে সিংহনাদ করিয়া বল, হে বিন্যামীন, তোমার পশ্চাতে [শত্রু]।
9ভর্ৎসনার দিনে ইফ্রয়িম ধ্বংসস্থান হইবে; যাহা নিশ্চয় ঘটিবে, তাহাই আমি ইস্রায়েল-বংশগণের মধ্যে জ্ঞাত করিয়াছি।
10যিহূদার অধ্যক্ষগণ তাহাদের ন্যায় হইয়াছে, যাহারা সীমার চিহ্ন স্থানান্তর করে; তাহাদের উপরে আমি জলের ন্যায় আপন ক্রোধ ঢালিয়া দিব।
11ইফ্রয়িম উপদ্রুত ও বিচারে মর্দ্দিত হইতেছে, কারণ সে আপন ইচ্ছায় [মিথ্যা] বিধানের অনুবর্ত্তী হইয়াছে।
12এই জন্য আমি ইফ্রয়িমের পক্ষে কীটস্বরূপ, যিহূদা-কুলের পক্ষে ক্ষয়স্বরূপ হইয়াছি।
13যখন ইফ্রয়িম আপন রোগ ও যিহূদা আপন ক্ষত দেখিতে পাইল, তখন ইফ্রয়িম অশূরের কাছে গমন করিল, ও বিবাদ-রাজের নিকটে লোক পাঠাইল; কিন্তু সে তোমাদিগকে সুস্থ করিতে পারে না, তোমাদের ক্ষত আরোগ্য করিবে না।
14কারণ আমি ইফ্রয়িমের পক্ষে সিংহের তুল্য, ও যিহূদাকুলের পক্ষে যুবাকেশরীর সদৃশ হইব; আমি, আমিই বিদীর্ণ করিয়া চলিয়া যাইব; আমি লইয়া যাইব, কেহ উদ্ধার করিবে না।
15আমি আপন স্থানে ফিরিয়া যাইব, যে পর্য্যন্ত তাহারা দোষ স্বীকার না করে, ও আমার শ্রীমুখের অন্বেষণ না করে; সঙ্কটের সময়ে তাহারা সযত্নে আমার অন্বেষণ করিবে।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.