Book24
Chapter 24
বাংলা বাইবেল1বাবিল-রাজ নবূখদ্রিৎসর যিহোয়াকীমের পুত্র যিহূদা-রাজ যিকনিয়কে, যিহূদার অধ্যক্ষগণকে, শিল্পকর ও কর্ম্মকারদিগকে যিরূশালেম হইতে বাবিলে বন্দি করিয়া লইয়া গেলে পর সদাপ্রভু আমাকে [দর্শন] দেখাইলেন; আর দেখ, সদাপ্রভুর মন্দিরের সম্মুখে দুই ডালা ডুমুরফল স্থাপিত।
2তাহার মধ্যে এক ডালায় আশুপক্ব ডুমুরফলের ন্যায় অতি উত্তম ফল ছিল, আর এক ডালায় অতি মন্দ ফল ছিল, এমন মন্দ যে খাওয়া যায় না।
3তখন সদাপ্রভু আমাকে বলিলেন যিরমিয়, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, ডুমুরফল; উত্তম ফল অতি উত্তম, এবং মন্দ ফল অতি মন্দ, এমন মন্দ যে খাওয়া যায় না।
4পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
5ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি যিহূদার যে বন্দিগণকে এই স্থান হইতে কল্দীয়দের দেশে পাঠাইয়াছি, তাহাদিগকে এই উত্তম ডুমুরফলের সদৃশ করিয়া মঙ্গলার্থে লক্ষ্য করিব।
6কারণ আমি মঙ্গলার্থে তাহাদের প্রতি দৃষ্টি রাখিব, ও পুনর্ব্বার তাহাদিগকে এই দেশে আনিব; তাহাদিগকে গাঁথিব, উৎপাটন করিব না; রোপন করিব, উন্মূলন করিব না।
7আর আমি যে সদাপ্রভু, তাহা জানিবার মন তাহাদিগকে দিব; আর তাহারা আমার প্রজা হইবে ও আমি তাহাদের ঈশ্বর হইব; কেননা তাহারা সর্ব্বান্তঃকরণে আমার প্রতি ফিরিয়া আসিবে।
8আর যে মন্দ ফল এমন মন্দ যে তাহা খাওয়া যায় না, তাহা যেমন, সত্যই সদাপ্রভু এই কথা বলেন, সেইরূপ আমি যিহূদার রাজা সিদিকিয়কে তাহার অধ্যক্ষগণকে ও যিরূশালেমের, অবশিষ্ট লোকদিগকে—যাহারা এই দেশে রহিয়াছে, তাহাদিগকে, এবং যাহারা মিসর দেশে বাস করিতেছে, তাহাদিগকে—সমর্পণ করিব;
9আমি অমঙ্গলার্থে তাহাদিগকে পৃথিবীর সমুদয় রাজ্যে ভাসিয়া বেড়াইবার জন্য সমর্পণ করিব; এবং যে সকল স্থানে তাড়না করিব, সেই সকল স্থানে তাহাদিগকে টিটকারি, প্রবাদ, বিদ্রূপ, ও অভিশাপের পাত্র করিব।
10আর আমি তাহাদিগকে ও তাহাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, তথা হইতে তাহারা যে পর্য্যন্ত নিঃশেষে উচ্ছিন্ন না হয়, সে পর্য্যন্ত তাহাদের মধ্যে খড়্গ, দুর্ভিক্ষ ও মহামারী প্রেরণ করিব।
Bible Study with Steffi App
Download Free ↗
Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.