Home Book14 17 · বাংলা বাইবেল

Book14

Chapter 17

বাংলা বাইবেল
1পরে তাঁহার পুত্র যিহোশাফট তাঁহার পদে রাজা হইলেন, এবং ইস্রায়েলের বিরুদ্ধে আপনাকে বলবান করিলেন।
2তিনি যিহূদার সকল প্রাচীরবেষ্টিত নগরে সৈন্য রাখিলেন, এবং যিহূদা দেশে ও তাঁহার পিতা আসা ইফ্রয়িমের যে সকল নগর হস্তগত করিয়াছিলেন, সেই সকল নগরেও সৈন্যদল স্থাপন করিলেন।
3আর সদাপ্রভু যিহোশাফটের সহবর্ত্তী ছিলেন, কারণ তিনি আপন পূর্ব্বপুরুষ দায়ূদের প্রথম আচরণ-পথে চলিতেন, বাল দেবগণের অন্বেষণ করিতেন না;
4কিন্তু আপন পৈতৃক ঈশ্বরের অন্বেষণ করিতেন ও তাঁহার সকল আজ্ঞা-পথে চলিতেন, ইস্রায়েলের কর্ম্মানুযায়ী কর্ম্ম করিতেন না।
5অতএব সদাপ্রভু তাঁহার হস্তে রাজ্য দৃঢ় করিলেন; আর সমস্ত যিহূদা যিহোশাফটের কাছে উপঢৌকন আনিল, এবং তাঁহার ধন ও প্রতাপ অতিশয় বৃদ্ধি পাইল।
6আর সদাপ্রভুর পথে তাঁহার অন্তঃকরণ উন্নত হইল; আবার তিনি যিহূদার মধ্য হইতে উচ্চস্থলী ও আশেরা-মূর্ত্তি সকল দূর করিলেন।
7পরে তিনি আপন রাজত্বের তৃতীয় বৎসরে যিহূদার সকল নগরে উপদেশ দিবার জন্য আপনার কয়েক জন প্রধান লোক অর্থাৎ বিন্‌-হয়িল, ওবদিয়, সখরিয়, নথনেল ও মীখায়কে প্রেরণ করিলেন।
8আর তাঁহাদের সহিত কয়েক জন লেবীয়কে অর্থাৎ শময়িয়, নথনিয়, সবদিয়, অসাহেল, শমীরামোৎ, যিহোনাথন, অদোনিয়, টোবিয় ও টোব্‌অদোনীয়, এই সকল লেবীয়কে এবং তাঁহাদের সহিত ইলীশামা ও যিহোরাম, এই দুই জন যাজককে পাঠাইলেন।
9তাঁহারা সদাপ্রভুর ব্যবস্থা-পুস্তক সঙ্গে লইয়া যিহূদা দেশে উপদেশ দিতে লাগিলেন; তাঁহারা যিহূদার সমস্ত নগরে গিয়া লোকদিগকে উপদেশ দিলেন।
10আর যিহূদার চতুর্দ্দিক্‌স্থ দেশের সকল রাজ্যে সদাপ্রভু হইতে এমন ভয় উপস্থিত হইল যে, তাহারা যিহোশাফটের সহিত যুদ্ধ করিল না।
11আর পলেষ্টীয়দেরও কেহ কেহ যিহোশাফটের নিকটে করস্বরূপে উপঢৌকন ও রৌপ্য আনিল, এবং আরবীয়েরা তাঁহার নিকটে পশুপাল, সাত সহস্র সাত শত মেষ ও সাত সহস্র সাত শত ছাগ আনিল।
12এইরূপে যিহোশাফট অতিশয় মহান্‌ হইয়া উঠিলেন, এবং যিহূদা দেশে অনেক দুর্গ ও ভাণ্ডার-নগর গাঁথিলেন।
13আর যিহূদার নগর সকলের মধ্যে তাঁহার অনেক কার্য্য ছিল, এবং যিরূশালেমে তাঁহার বলবান বীর যোদ্ধারা থাকিত।
14তাহাদের পিতৃকুলানুসারে তাহাদের সংখ্যা এই; যিহূদার সহস্রপতিগণের মধ্যে অদন সেনাপতি ছিলেন, তাঁহার সহিত তিন লক্ষ বলবান বীর ছিল।
15তাঁহার পরে যিহোহানন সেনাপতি, তাঁহার সহিত দুই লক্ষ আশী সহস্র লোক ছিল।
16তাঁহার পরে সিখির পুত্র অমসিয়; সেই ব্যক্তি আপনাকে সদাপ্রভুর উদ্দেশে স্বেচ্ছায় উৎসর্গ করিয়াছিলেন; তাঁহার সহিত দুই লক্ষ বলবান বীর ছিল।
17আর বিন্যামীনের মধ্যে বলবান বীর ইলিয়াদা, তাঁহার সহিত দুই লক্ষ ধনুর্দ্ধর ও ঢালী ছিল।
18তাঁহার পরে যিহোষাবদ; তাঁহার সহিত যুদ্ধার্থে সসজ্জ এক লক্ষ আশী সহস্র লোক ছিল। ইহাঁরা রাজার পরিচর্য্যা করিতেন।
19ইহাঁদের ছাড়া রাজা যিহূদার সর্ব্বত্র প্রাচীরবেষ্টিত নগরে [কর্ম্মচারী লোক] রাখিতেন।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme