গীতসংহিতা
Chapter 107
বাংলা বাইবেল
1সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
2সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক, যাহাদিগকে তিনি বিপক্ষের হস্ত হইতে মুক্ত করিয়াছেন,
3যাহাদিগকে তিনি সংগ্রহ করিয়াছেন নানা দেশ হইতে, পূর্ব্ব ও পশ্চিম হইতে, উত্তর ও দক্ষিণ হইতে।
4তাহারা প্রান্তরে নির্জন পথে পরিভ্রমণ করিল, বসতি-নগর পাইল না।
5তাহারা ক্ষুধিত ও তৃষ্ণার্ত্ত হইল, তাহাদের প্রাণ অন্তরে মুর্চ্ছাপন্ন হইল।
6সঙ্কটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিল, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে উদ্ধার করিলেন।
7তিনি তাহাদিগকে সরল পথেও গমন করাইলেন, যেন তাহারা বসতি-নগরে যাইতে পারে।
8লোকে সদাপ্রভুর স্তব করুক, তাঁহার দয়া প্রযুক্ত, মনুষ্য-সন্তানদের জন্য তাঁহার আশ্চর্য্য কর্ম্ম প্রযুক্ত।
9কারণ তিনি আপ্যায়িত করেন আকাঙ্ক্ষী প্রাণকে, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন।
10লোকেরা অন্ধকারে ও মৃত্যুচ্ছায়ায় বসিয়াছিল, দুঃখ-পাশে ও লৌহ-শৃঙ্খলে বদ্ধ ছিল;
11কারণ তাহারা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধাচরণ করিত, পরাৎপরের মন্ত্রণা তুচ্ছ করিত;
12তাই তিনি তাহাদের হৃদয় আয়াসে অবনত করিলেন; তাহারা পতিত হইল, সাহায্যকারী কেহ ছিল না।
13সঙ্কটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিল, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে ত্রাণ করিলেন।
14তিনি অন্ধকার ও মৃত্যুচ্ছায়া হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিলেন, তাহাদের বন্ধন সকল ছেদন করিলেন।
15লোকে সদাপ্রভুর স্তব করুক, তাঁহার দয়া প্রযুক্ত, মনুষ্য-সন্তানদের জন্য তাঁহার আশ্চর্য্য কর্ম্ম প্রযুক্ত!
16কারণ তিনি পিত্তলের কবাট ভগ্ন করিয়াছেন, লৌহময় অর্গল ছেদন করিয়াছেন।
17মূর্খেরা আপনাদের অধর্ম্মাচরণ প্রযুক্ত, আপনাদের অপরাধ প্রযুক্ত দুর্দ্দশাপন্ন হয়।
18তাহাদের প্রাণ সমস্ত খাদ্য দ্রব্য ঘৃণা করে, তাহারা মৃত্যুদ্বারের সমীপে উপস্থিত হয়।
19সঙ্কটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে ত্রাণ করেন।
20তিনি আপন বাক্য পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন, তাহাদের খাত হইতে তাহাদিগকে রক্ষা করেন।
21লোকে সদাপ্রভুর স্তব করুক, তাঁহার দয়া প্রযুক্ত, মনুষ্য-সন্তানদের জন্য তাহার আশ্চর্য্য কর্ম্ম প্রযুক্ত!
22তাহারা স্তববলি উৎসর্গ করুক, আনন্দগানসহ তাঁহার ক্রিয়ার বর্ণনা করুক।
23যাহারা জাহাজে চড়িয়া সমুদ্রযাত্রা করে, মহাজলরাশির মধ্যে ব্যবসায় করে,
24তাহারা সদাপ্রভুর কার্য্য সকল দেখে, গভীর জলে তাঁহার আশ্চর্য্য ব্যাপার সকল দেখে।
25তিনি আজ্ঞা দ্বারা প্রচণ্ড বায়ু উত্থাপন করেন, তাহা জলের তরঙ্গমালা উঠায়।
26তাহারা আকাশে উঠে, তাহারা জলধিতলে নামে; বিপাকে পড়িয়া তাহাদের প্রাণ গলিয়া যায়।
27তাহারা মত্তের ন্যায় হেলিয়া দুলিয়া ঢুলিয়া পড়ে, তাহাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয়।
28সঙ্কটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করে, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে বাহির করেন।
29তিনি ঝটিকা প্রশমিত করেন; তাহাতে জলরাশির তরঙ্গ সকল নিস্তব্ধ হয়।
30তখন তাহারা আনন্দ করে, কেননা শান্তি হইল, আর তিনি তাহাদিগকে তাহাদের অভীষ্ট পোতাশ্রয়ে লইয়া যান।
31লোকে সদাপ্রভুর স্তব করুক, তাঁহার দয়া প্রযুক্ত, মনুষ্য-সন্তানদের জন্য তাঁহার আশ্চর্য্য কর্ম্ম প্রযুক্ত!
32তাহারা প্রজা-সমাজে তাঁহার প্রতিষ্ঠা করুক, প্রাচীনদের সভাতে তাঁহার প্রশংসা করুক।
33তিনি নদী সকলকে প্রান্তরে, জলের উনুই সমূহকে শুষ্ক ভূমিতে পরিণত করেন,
34তিনি ফলবান দেশকে লবণ-প্রান্তর করেন, তথাকার নিবাসীদের কদাচরণ প্রযুক্ত।
35তিনি প্রান্তরকে জলাশয়ে, মরুভূমিকে জলের উনুই সমূহে পরিণত করেন;
36আর সেখানে তিনি ক্ষুধিত লোকদিগকে বাস করান, যেন তাহারা বসতি-নগর প্রস্তুত করে,
37এবং ক্ষেত্রে বীজ বপন ও দ্রাক্ষালতা রোপন করে, এবং উৎপন্ন ফল সঞ্চয় করে।
38তিনি তাহাদিগকে আশীর্ব্বাদ করেন, তাই তাহারা অতিশয় বৃদ্ধি পায়, এবং তিনি তাহাদের পশুগণকে হ্রাস পাইতে দেন না।
39আবার তাহারা হ্রাস পায় ও অবনত হয়, উৎপীড়ন, বিপদ ও শোক প্রযুক্ত।
40তিনি কর্ত্তাদের উপরে তুচ্ছতা ঢালিয়া দেন, পথহীন মরুভূমিতে তাহাদিগকে ভ্রমণ করান;
41কিন্তু দরিদ্রকে দুঃখ হইতে উচ্চে স্থাপন করেন, আর মেষপালের ন্যায় পরিবার দেন।
42তাহা দেখিয়া সরল লোকে আনন্দিত হয়, আর সমস্ত দুষ্টতা আপন মুখ রুদ্ধ করে।
43জ্ঞানবান কে? সে এই সমস্ত বিবেচনা করিবে, তাহারা সদাপ্রভুর বিবিধ দয়া আলোচনা করিবে।