গীতসংহিতা
Chapter 147
বাংলা বাইবেল
1তোমরা সদাপ্রভুর প্রশংসা কর, কেননা আমাদের ঈশ্বরের প্রশংসা গান করা উত্তম; তাহা মনোহর; প্রশংসার উপযুক্ত।
2সদাপ্রভু যিরূশালেম গাঁথেন, তিনি ইস্রায়েলের দূরীকৃতদিগকে সংগ্রহ করেন।
3তিনি ভগ্নচিত্তদিগকে সুস্থ করেন, তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন।
4তিনি তারাগণের সংখ্যা গণনা করেন, সকলের নাম ধরিয়া তাহাদিগকে ডাকেন।
5আমাদের প্রভু মহান্ ও অতিশয় শক্তিমান্; তাঁহার বুদ্ধির ইয়ত্তা নাই।
6সদাপ্রভু নম্রদিগকে সুস্থির রাখেন, তিনি দুষ্টদিগকে ভূমিতে পাড়িয়া ফেলেন।
7তোমরা স্তবসহ সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, বীণাযন্ত্রে আমাদের ঈশ্বরের প্রশংসা গাও।
8তিনি মেঘমালায় আকাশমণ্ডল আচ্ছন্ন করেন, তিনি পৃথিবীর জন্য বৃষ্টি প্রস্তুত করেন, তিনি পর্ব্বতগণের উপরে তৃণ উৎপাদন করেন।
9তিনি পশুকে তাহার খাদ্য দেন, দাঁড়কাকের শাবকদিগকে দেন, যাহারা ডাকিয়া উঠে।
10অশ্বের বলে তিনি আনন্দ করেন না, পুরুষের চরণেও সন্তুষ্ট হন না।
11সদাপ্রভু তাহাদিগেতে সন্তুষ্ট, যাহারা তাঁহাকে ভয় করে, যাহারা তাঁহার দয়ার অপেক্ষায় থাকে।
12হে যিরূশালেম, সদাপ্রভুর গুণকীর্ত্তন কর; হে সিয়োন, তোমার ঈশ্বরের প্রশংসা কর।
13কেননা তিনি তোমার দ্বারের অর্গল সকল দৃঢ় করিয়া দিয়াছেন, তিনি তোমার মধ্যে তোমার সন্তানগণকে আশীর্ব্বাদ করিয়াছেন।
14তিনি তোমার পরিসীমা শান্তিময় করেন, তিনি সুগোধূমে তোমাকে তৃপ্ত করেন।
15তিনি পৃথিবীতে আপন আজ্ঞা পাঠান, তাঁহার বাক্য বেগে ধাবমান হয়।
16তিনি মেষলোমের সদৃশ তুষার দেন, তিনি ভস্মের ন্যায় নীহার ছড়াইয়া দেন।
17তিনি খণ্ড খণ্ড করিয়া আপন হিমানী পাঠান; তাঁহার শীতের সম্মুখে কে দাঁড়াইতে পারে?
18তিনি আপন বাক্য পাঠাইয়া সে সমস্ত দ্রবীভূত করেন, তিনি আপন বায়ু বহাইলে জল প্রবাহিত হয়।
19তিনি জানান যাকোবকে আপন বাক্য, ইস্রায়েলকে আপন বিধি ও শাসনকলাপ।
20তিনি আর কোন জাতির পক্ষে এরূপ করেন নাই, তাঁহার শাসনকলাপ তাহারা জানে নাই। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।