তখন মোশি হারোণকে কহিলেন, সদাপ্রভু ত ইহাই বলিয়াছিলেন, তিনি কহিয়াছিলেন, যাহারা আমার নিকটবর্ত্তী হয়, তাহাদের মধ্যে আমি অবশ্য পবিত্ররূপে মান্য হইব, ও সকল লোকের সম্মুখে গৌরবান্বিত হইব। তখন হারোণ নীরব হইয়া রহিলেন।
Cross references
দুষ্টের সহিত ধার্ম্মিকের বিনাশ করা, এই প্রকার কর্ম্ম আপনা হইতে দূরে থাকুক; ধার্ম্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকর্ত্তা কি ন্যায়বিচার করিবেন না?
আর আমি ফরৌণের হৃদয় কঠিন করিব, আর সে তোমাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইবে, এবং আমি ফরৌণ ও তাহার সমস্ত সৈন্য দ্বারা গৌরবান্বিত হইব; আর মিস্রীয়েরা জানিতে পারিবে যে; আমিই সদাপ্রভু। তখন তাহারা সেইরূপ করিল।
আর যাজকগণ, যাহারা সদাপ্রভুর নিকটবর্ত্তী হইয়া থাকে, তাহারাও আপনাদিগকে পবিত্র করুক, পাছে সদাপ্রভু তাহাদিগকে আক্রমণ করেন।
আর সদাপ্রভু তাঁহাকে কহিলেন, যাও, নাম গিয়া; পরে হারোণকে সঙ্গে করিয়া তুমি উঠিয়া আসিও, কিন্তু যাজকগণ ও লোকেরা সদাপ্রভুর নিকটে উঠিয়া আসিবার জন্য সীমা লঙ্ঘন না করুক, পাছে তিনি তাহাদিগকে আক্রমণ করেন।
সেখানে আমি ইস্রায়েল-সন্তানগণের কাছে দেখা দিব, এবং আমার প্রতাপে তাম্বু পবিত্রীকৃত হইবে।
তোমরা যেন মারা না পড়, এই জন্য সাত দিন পর্য্যন্ত সমাগম-তাম্বুর দ্বারে দিবারাত্র থাকিবে; এবং সদাপ্রভুর রক্ষণীয় রক্ষা করিবে; কেননা আমি এইরূপ আজ্ঞা পাইয়াছি।
তাহারা আপন ঈশ্বরের উদ্দেশে পবিত্র হইবে, ও আপন ঈশ্বরের নাম অপবিত্র করিবে না; কেননা তাহারা সদাপ্রভুর অগ্নিকৃত উপহার, আপনাদের ঈশ্বরের ভক্ষ্য, উৎসর্গ করে; অতএব তাহারা পবিত্র হইবে।
অতএব তুমি তাহাকে পবিত্র রাখিবে; কারণ সে তোমার ঈশ্বরের ভক্ষ্য উৎসর্গ করে; সে তোমার নিকটে পবিত্র হইবে; কেননা তোমাদের পবিত্রকারী সদাপ্রভু আমি পবিত্র।
সে আপন লোকদের মধ্যে আপন বংশ অপবিত্র করিবে না, কেননা আমি সদাপ্রভু তাহার পবিত্রকারী।
তুমি হারোণকে বল, পুরুষানুক্রমে তোমার বংশের মধ্যে যাহার গাত্রে দোষ থাকে, সে আপন ঈশ্বরের ভক্ষ্য উৎসর্গ করিতে নিকটবর্ত্তী না হউক।
কোন দোষবিশিষ্ট যে পুরুষ হারোণ যাজকের বংশের মধ্যে আছে, সে সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিতে নিকটবর্ত্তী হইবে না; তাহার দোষ আছে, সে আপন ঈশ্বরের ভক্ষ্য উৎসর্গ করিতে নিকটবর্ত্তী হইবে না।
অতএব তাহারা আমার আদেশ পালন করুক; পাছে তাহা অপবিত্র করিলে তাহারা তৎপ্রযুক্ত পাপ বহন করে ও মারা পড়ে; আমি সদাপ্রভু তাহাদের পবিত্রকারী।
পরে সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, তোমরা ইস্রায়েল-সন্তানগণের সাক্ষাতে আমাকে পবিত্র বলিয়া মান্য করিতে আমার বাক্যে বিশ্বাস করিলে না, এই জন্য আমি তাহাদিগকে যে দেশ দিয়াছি, সেই দেশে তোমরা এই মণ্ডলীকে প্রবেশ করাইবে না।
কেননা সিন প্রান্তরে কাদেশস্থ মরীবা জলের নিকটে তোমরা ইস্রায়েল-সন্তানগণের মধ্যে আমার বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিয়াছিলে, ফলতঃ ইস্রায়েল-সন্তানগণের মধ্যে আমাকে পবিত্র বলিয়া মান্য কর নাই।
অতএব ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু কহেন, আমি নিশ্চয় বলিয়াছিলাম; তোমার কুল ও তোমার পিতৃকুল যুগে যুগে আমার সম্মুখে গমনাগমন করিবে, কিন্তু এখন সদাপ্রভু কহেন, তাহা আমা হইতে দূরে থাকুক। কেননা যাহারা আমাকে গৌরবান্বিত করে, তাহাদিগকে আমি গৌরবান্বিত করিব; কিন্তু যাহারা আমাকে তুচ্ছ করে, তাহারা তুচ্ছীকৃত হইবে।
তখন শমূয়েল তাঁহাকে সেই সমস্ত কথা কহিলেন, কিছুই গোপন করিলেন না। তখন এলি কহিলেন, তিনি সদাপ্রভু; তাঁহার দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই করুন।
আর বৈৎ-শেমশের লোকেরা কহিল, সদাপ্রভুর সাক্ষাতে, এই পবিত্র ঈশ্বরের সাক্ষাতে, কে দাঁড়াইতে পারে? আর তিনি আমাদের হইতে কাহার কাছে যাইবেন?
তোমরা লেবীয়দের পিতৃকুলপতি, তোমরা ও তোমাদের ভ্রাতারা আপনাদিগকে পবিত্র কর, তাহাতে আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকের জন্য যে স্থান প্রস্তুত করিয়াছি, সে স্থানে তাহা আনিতে পারিবে।
তখন ইয়োব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িলেন, মস্তক মুণ্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন, আর কহিলেন,
কিন্তু তিনি তাঁহাকে কহিলেন, তুমি একটা মূঢ়া স্ত্রীর মত কথা কহিতেছ। বল কি? আমরা ঈশ্বর হইতে কি মঙ্গলই গ্রহণ করিব, অমঙ্গল গ্রহণ করিব না? এই সকলেতে ইয়োব আপন ওষ্ঠাধরে পাপ করিলেন না।
আমি বোবা হইলাম, মুখ খুলিলাম না, কেননা তুমিই ইহা করিয়াছ।
আমা হইতে তোমার আঘাত অন্তর কর, তোমার হস্তের প্রহারে আমি ক্ষীণ হইলাম।
তোমরা ক্ষান্ত হও; জানিও, আমিই ঈশ্বর; আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আমি পৃথিবীতে উন্নত হইব।
ঈশ্বর পবিত্রগণের সভাতে প্রবল পরাক্রমশালী, আপনার চতুর্দ্দিক্স্থ সকলের উপরে ভয়াবহ।
তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য হে সদাপ্রভু, চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা।
তোমার ভয়ে আমার শরীর রোমাঞ্চিত হয়, তোমার শাসনকলাপে আমি ভীত।
তখন হিষ্কিয় যিশাইয়কে কহিলেন, আপনি সদাপ্রভুর যে বাক্য কহিলেন, তাহা উত্তম। তিনি আরও কহিলেন, কারণ আমার সময়ে শান্তি ও সত্য থাকিবে।
আর তিনি আমাকে বলিয়াছেন ‘তুমি আমার দাস, তুমি ইস্রায়েল, তোমাতেই আমি মহিমান্বিত হইব’।
চল চল, সেই স্থান হইতে বাহির হও, অশুচি কোন বস্তু স্পর্শ করিও না, উহার মধ্য হইতে বাহির হও; হে সদাপ্রভুর পাত্রবাহকগণ, তোমরা বিশুদ্ধ হও।
যখন জাতিগণের মধ্য হইতে তোমাদিগকে আনিব, এবং যে সকল দেশে তোমরা ছিন্নভিন্ন হইয়া রহিয়াছ, সেই সকল দেশ হইতে তোমাদিগকে একত্র করিব, তখন আমি সৌরভার্থক দ্রব্যের ন্যায় তোমাদিগকে গ্রাহ্য করিব; আর তোমাদের দ্বারা জাতিগণের সাক্ষাতে পবিত্র বলিয়া মান্য হইব।
তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে সীদোন, দেখ, আমি তোমার বিপক্ষ; আমি তোমার মধ্যে মহিমান্বিত হইব; তাহাতে লোকেরা জানিবে যে, আমিই সদাপ্রভু, কেননা আমি সেই নগরকে বিচারসিদ্ধ দণ্ড দিব, ও তাহার মধ্যে পবিত্র বলিয়া মান্য হইব।
পরে তিনি আমাকে কহিলেন, ব্যবচ্ছিন্ন স্থলের অগ্রে উত্তর ও দক্ষিণদিকের যে সকল কুঠরী আছে, সেগুলি পবিত্র কুঠরী। যে যাজকেরা সদাপ্রভুর নিকটে উপস্থিত হয়, তাহারা সেই স্থানে অতি পবিত্র দ্রব্য সকল ভোজন করিবে; সেই স্থানে তাহারা অতি পবিত্র দ্রব্য সকল, এবং ভক্ষ্য-নৈবেদ্য, পাপার্থক বলি ও দোষার্থক বলি রাখিবে, কেননা স্থানটী পবিত্র।
যে কেহ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভাল বাসে, সে আমার যোগ্য নয়; এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালবাসে, সে আমার যোগ্য নয়।
পিতঃ, তোমার নাম মহিমান্বিত কর। তখন স্বর্গ হইতে এই বাণী হইল, ‘আমি তাহা মহিমান্বিত করিয়াছি, আবার মহিমান্বিত করিব।’
সে বাহিরে গেলে পর যীশু কহিলেন, এখন মনুষ্যপুত্র মহিমান্বিত হইলেন, এবং ঈশ্বর তাঁহাতে মহিমান্বিত হইলেন।
আর তোমরা আমার নামে যাহা কিছু যাচ্ঞা করিবে, তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন।
তখন সমস্ত মণ্ডলী, এবং যত লোক এই কথা শুনিল, সকলেই অতিশয় ভয়গ্রস্ত হইল।
ইহা সেই দিন ঘটিবে, যে দিন তিনি আপন পবিত্রগণে গৌরবান্বিত হইবার, এবং যাহারা বিশ্বাস করিয়াছে, তাহাদের সকলেতে চমৎকারের পাত্র হইবার জন্য আগমন করিবেন; আমরা তোমাদের কাছে যে সাক্ষ্য দিয়াছি, তাহা ত বিশ্বাসে গৃহীত হইয়াছে।
অতএব অকম্পনীয় রাজ্য পাইবার অধিকারী হওয়াতে, আইস, আমরা সেই অনুগ্রহ অবলম্বন করি, যদ্দ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করিতে পারি।
কেননা ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হইবার সময় হইল; আর যদি তাহা প্রথমে আমাদিগেতে আরম্ভ হয়, তবে যাহারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য, তাহাদের পরিণাম কি হইবে?