‘আমার প্রতি ও আমার মাংসের প্রতি কৃত দৌরাত্ম্যের ফল বাবিলের উপরে বর্ত্তুক,’ ইহা সিয়োন-নিবাসিনী কহিতেছে; এবং ‘আমার রক্ত কল্দীয় দেশনিবাসীদের উপরে বর্ত্তুক,’ ইহা যিরূশালেম বলিতেছে।
Cross references
কিন্তু তাহা যদি না হয়, তবে অবীমেলক হইতে অগ্নি নির্গত হইয়া শিখিমের গৃহস্থদিগকে ও মিল্লোর লোকদিগকে গ্রাস করুক; আবার শিখিমের গৃহস্থগণ হইতে ও মিল্লোর লোকদের হইতে অগ্নি নির্গত হইয়া অবীমেলককে গ্রাস করুক।
যেন যিরুব্বালের সত্তরটী পুত্রের প্রতি কৃত অত্যাচারের প্রতিফল ঘটে, এবং তাহাদের ভ্রাতা অবীমেলক, যে তাহাদিগকে বধ করিয়াছিল, তাহার উপরে, এবং ভ্রাতৃবধে যাহারা তাহার হস্ত সবল করিয়াছিল, সেই শিখিমস্থ গৃহস্থদের উপরে ঐ রক্তপাতের অপরাধ যেন বর্ত্তে।
এইরূপে অবীমেলক আপনার সত্তর জন ভ্রাতাকে বধ করিয়া আপন পিতার বিরুদ্ধে যে দুষ্কর্ম্ম করিয়াছিল, ঈশ্বর তাহার সমুচিত দণ্ড তাহাকে দিলেন;
কেননা যিনি রক্তপাতের অনুসন্ধান করেন, তিনি নিহতদিগকে স্মরণ করেন; তিনি দুঃখীদিগের ক্রন্দন ভুলিয়া যান না;
দুঃখীদের সর্ব্বনাশ, দীনহীনের কাতরোক্তি প্রযুক্ত, আমি এক্ষণে উঠিব, ইহা সদাপ্রভু কহেন, আমি ত্রাণাকাঙ্ক্ষীর ত্রাণ করিব।
হে বাবিল-কন্যা, হে বিনাশপাত্রি, ধন্য সেই, যে তোমাকে সেইরূপ প্রতিফল দিবে, যেরূপ তুমি আমাদের প্রতি করিয়াছ।
হে আমার জাতি, চল, তোমার অন্তরাগারে প্রবেশ কর, তোমার দ্বার সকল রুদ্ধ কর; অল্পক্ষণ মাত্র লুক্কায়িত থাক, যে পর্য্যন্ত ক্রোধ অতীত না হয়।
তোমরা বাবিলের বিরুদ্ধে ধনুর্দ্ধারীদিগকে, ধনুকে চাড়াদায়ী সকলকে, আহ্বান কর; চারিদিকে তাহার বিরুদ্ধে শিবির স্থাপন কর, কাহাকেও রক্ষা পাইতে দিও না; তাহার ক্রিয়ানুযায়ী ফল তাহাকে দেও; সে যাহা যাহা করিয়াছে, তাহার প্রতি তদনুসারে কর; কেননা সে সদাপ্রভুর বিরুদ্ধে, ইস্রায়েলের পবিত্রতমের বিরুদ্ধে, দর্প করিয়াছে।
আর আমি বাবিলকে ও কল্দীয় দেশনিবাসী সকলকে তাহাদের সেই সমস্ত দুষ্কর্ম্মের প্রতিফল দিব, যাহা তাহারা সিয়োনে তোমাদের দৃষ্টিগোচরে করিয়াছে, ইহা সদাপ্রভু কহেন।
তাহাদের সমস্ত দুষ্টতা তোমার দৃষ্টিগোচর হউক; তুমি আমার সমস্ত অধর্ম্মের জন্য আমার প্রতি যেরূপ করিয়াছ, তাহাদের প্রতিও সেইরূপ কর, কেননা আমার দীর্ঘনিঃশ্বাস অধিক ও আমার হৃদয় মূর্চ্ছিত।
আর নিশ্চিন্ত জাতিগণের প্রতি আমি মহাক্রোধাবিষ্ট হইয়াছি; কেননা আমি যৎকিঞ্চিৎ ক্রোধাবিষ্ট হইলে তাহারা অমঙ্গলার্থে সাহায্য করিল।
কেননা যেরূপ বিচারে তোমরা বিচার কর, সেইরূপ বিচারে তোমরাও বিচারিত হইবে; এবং যে পরিমাণে পরিমাণ কর, সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে।
কেননা যে ব্যক্তি দয়া করে নাই, বিচার তাহার প্রতি নির্দ্দয়; দয়াই বিচারজয়ী হইয়া শ্লাঘা করে।
তাঁহারা উচ্চ রবে ডাকিয়া কহিলেন, হে পবিত্র সত্যময় অধিপতি, বিচার করিতে এবং পৃথিবী নিবাসীদিগকে আমাদের রক্তপাতের প্রতিফল দিতে কত কাল বিলম্ব করিবে?
কেননা উহারা পবিত্রগণের ও ভাববাদীদের রক্তপাত করিয়াছিল; আর তুমি উহাদিগকে পানার্থে রক্ত দিয়াছ; তাহারা ইহার যোগ্য।
সে যেরূপ ব্যবহার করিত, তোমরাও তাহার প্রতি সেইরূপ ব্যবহার কর; আর তাহার ক্রিয়ানুসারে দ্বিগুণ, দ্বিগুণ প্রতিফল তাহাকে দেও; সে যে পাত্রে পেয় প্রস্তুত করিত, সেই পাত্রে তাহার জন্য দ্বিগুণ পরিমাণে পেয় প্রস্তুত কর।
হে স্বর্গ, হে পবিত্রগণ, হে প্রেরিতগণ, হে ভাববাদিগণ, তোমরা তাহার বিষয়ে আনন্দ কর; কেননা সে তোমাদের প্রতি যে অন্যায় করিয়াছে, ঈশ্বর তাহার প্রতীকার করিয়াছেন।