Home Bibles ☰ Books গীতসংহিতা 96 · বাংলা বাইবেল ||

গীতসংহিতা

Chapter 96

বাংলা বাইবেল
1তোমরা সদাপ্রভুর উদ্দেশে নূতন গীত গাও; সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে গীত গাও। 2সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, তাঁহার নামের ধন্যবাদ কর, দিন দিন তাঁহার পরিত্রাণ ঘোষণা কর। 3প্রচার কর জাতিগণের মধ্যে তাঁহার গৌরব, সমস্ত লোক-সমাজে তাঁহার আশ্চর্য্য কর্ম্ম সকল। 4কেননা সদাপ্রভু মহান ও অতি কীর্ত্তনীয়, তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার্হ। 5কেননা জাতিগণের সমস্ত দেবতা অবস্তুমাত্র, কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডলের নির্ম্মাতা; 6প্রভা ও প্রতাপ তাঁহার অগ্রবর্ত্তী; শক্তি ও শোভা তাঁহার ধর্ম্মধামে বিদ্যমান। 7হে জাতিগণের গোষ্ঠী সকল, সদাপ্রভুর কীর্ত্তন কর, সদাপ্রভুর গৌরব ও শক্তি কীর্ত্তন কর। 8সদাপ্রভুর নামের গৌরব কীর্ত্তন কর, নৈবেদ্য সঙ্গে লইয়া তাঁহার প্রাঙ্গণে আইস। 9পবিত্র শোভায় সদাপ্রভুকে প্রণিপাত কর; সমস্ত পৃথিবী! তাঁহার সাক্ষাতে কম্পমান হও। 10জাতিগণের মধ্যে বল, সদাপ্রভু রাজত্ব করেন; জগৎও অটল, তাহা বিচলিত হইবে না; তিনি ন্যায়ে জাতিগণের বিচার করিবেন। 11আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হউক; সমুদ্র ও তন্মধ্যস্থ সকলই গর্জ্জন করুক; 12ক্ষেত্র ও তথাকার সকলই উল্লাসিত হউক; তখন বনের সমস্ত বৃক্ষ আনন্দে গান করিবে; 13সদাপ্রভুর সাক্ষাতেই করিবে, কেননা তিনি আসিতেছেন, তিনি পৃথিবীর বিচার করিতে আসিতেছেন; তিনি ধর্ম্মশীলতায় জগতের বিচার করিবেন, আপন বিশ্বস্ততায় জাতিগণের বিচার করিবেন।

Choose Theme