ইস্রায়েল-কুল আপন বিশ্বাসভূমি বৈথেলের বিষয়ে যেমন লজ্জিত হইয়াছিল, তেমনি মোয়াব কমোশের বিষয়ে লজ্জিত হইবে।
Cross references
আপনার কমোশ দেব আপনাকে অধিকারার্থে যাহা দেন, আপনি কি তাহারই অধিকারী নহেন? আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সম্মুখে যাহাদিগকে অধিকারচ্যুত করিয়াছেন, সে সমস্তের অধিকারী আমরাই আছি।
পরদিবসে অস্দোদের লোকেরা প্রত্যূষে উঠিল, আর দেখ, সদাপ্রভুর সিন্দুকের সম্মুখে দাগোন ভূমিতে উবুড় হইয়া পড়িয়া আছে; তাহাতে তাহারা দাগোনকে তুলিয়া পুনর্ব্বার স্বস্থানে স্থাপন করিল।
সেই সময়ে শলোমন যিরূশালেমের সম্মুখস্থ পর্ব্বতে মোয়াবের ঘৃণার্হ বস্তু কমোশের জন্য ও অম্মোন-সন্তানদের ঘৃণার্হ বস্তু মোলকের জন্য উচ্চস্থলী নির্ম্মাণ করিলেন।
অতএব রাজা মন্ত্রণা করিয়া স্বর্ণময় দুই গোবৎস নির্ম্মাণ করাইলেন; আর তিনি লোকদিগকে কহিলেন, যিরূশালেমে যাওয়া তোমাদের পক্ষে বাহুল্যমাত্র, হে ইস্রায়েল, দেখ, এই তোমার দেবতা, যিনি মিসর দেশ হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন।
তিনি তাহাদের একটা বৈথেলে স্থাপন করিলেন, আর একটা দানে রাখিলেন।
পরে তাহাদিগকে যে বৃষ দত্ত হইল, তাহা লইয়া তাহারা প্রস্তুত করিল, এবং প্রাতঃকাল হইতে মধ্যাহ্নকাল পর্য্যন্ত এই বলিয়া বালের নামে ডাকিতে লাগিল, হে বাল, আমাদিগকে উত্তর দেও। কিন্তু কোন বাণী হইল না, এবং কেহই উত্তর দিল না। আর তাহারা নির্ম্মিত যজ্ঞবেদির কাছে খোঁড়ার ন্যায় নাচিতে লাগিল।
তখন এলিয় তাহাদিগকে কহিলেন, তোমরা বালের ভাববাদিগণকে ধর, তাহাদের এক জনকেও পলাইয়া রক্ষা পাইতে দিও না। তখন তাহারা তাহাদিগকে ধরিল, আর এলিয় তাহাদিগকে লইয়া কীশোন স্রোতোমার্গে নামিয়া গেলেন, এবং সেখানে তাহাদিগকে বধ করিলেন।
তাহাতে অমৎসিয়ের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, তিনি তাঁহার নিকটে এক জন ভাববাদীকে পাঠাইলেন; ভাববাদী তাঁহাকে কহিলেন, ঐ লোকদের যে দেবগণ আপনার হস্ত হইতে আপন প্রজাদিগকে উদ্ধার করে নাই, আপনি তাহাদের অন্বেষণ কেন করিয়াছেন?
সেই দিন মনুষ্য ভজনার্থে নির্ম্মিত আপনার রৌপ্যময় প্রতিমা ও স্বর্ণময় প্রতিমা সকল ইন্দুরের ও চামচিকার কাছে নিক্ষেপ করিবে;
যদ্যপি মোয়াব দেখা দেয়, উচ্চস্থলীতে আপনাকে ক্লান্ত করে, ও প্রার্থনা করিবার জন্য আপন ধর্ম্মধামে প্রবেশ করে, তথাপি সে কৃতার্থ হইবে না।
তাহারা সকলে লজ্জিত ও বিষণ্ণ হইবে, তাহারা সকসঙ্গে অপমানগ্রস্ত হইয়া চলিয়া যাইবে, সেই পুত্তলি-নির্ম্মাতারা!
হে জাতিগণের মধ্য হইতে উত্তীর্ণ লোক সকল, তোমরা একত্র হইয়া আইস, একসঙ্গে নিকটে আইস; তাহারা কিছুই জানে না, যাহারা আপনাদের প্রতিমার কাষ্ঠ বহিয়া বেড়ায়, যাহারা এমন দেবতার কাছে প্রার্থনা করে, যে পরিত্রাণ করিতে পারে না।
বেল নত হইল, নবো উবুড় হইয়া পড়িল; তাহাদের প্রতিমাগণ জন্তুদের উপরে ও পশুদের উপরে; তোমরা যাহাদিগকে তুলিয়া লইয়া বেড়াইতে, তাহারা বোঝা হইল, ক্লান্ত পশুর ভার হইল।
কারণ তুমি আপন কার্য্যে ও আপন ধনকোষে নির্ভর করিতে, এই জন্য তুমিও পরহস্তগত হইবে, এবং কমোশ নির্ব্বাসার্থে গমন করিবে, তাহার যাজকগণ ও অধ্যক্ষগণ একসঙ্গে যাইবে।
সে কেমন ভগ্ন হইল! লোকে কেমন হাহাকার করিতেছে! মোয়াব লজ্জা প্রযুক্ত কেমন পৃষ্ঠ ফিরাইয়াছে! এইরূপে মোয়াব আপনার চারিদিকের সমস্ত লোকের পরিহাস-পাত্র ও ভয়স্থান হইবে।
হে মোয়াব, ধিক্ তোমাকে! কমোশের প্রজালোক বিনষ্ট হইল, কারণ তোমার পুত্রগণ বন্দি হইল, তোমার কন্যাগণ বন্দি-দশার স্থানে নীত হইল।
হে শমরিয়ে, তিনি তোমার বৎস-প্রতিমা দূরে ফেলিয়া দিয়াছেন; উহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হইল; উহারা কত কাল বিলম্বে বিশুদ্ধ হইবে?
শমরিয়া-নিবাসিগণ বৈৎ-আবনের বৎস-প্রতিমার নিমিত্ত উদ্বিগ্ন হইবে; কারণ তাহার প্রজাগণ তাহার নিমিত্ত শোকার্ত্ত হইবে, এবং তাহার যে পুরোহিতেরা তাহার জন্য আনন্দ করিত, তাহারাও তাহার জন্য, তাহার গৌরবের নিমিত্ত শোকার্ত্ত হইবে, কারণ গৌরব তাহাকে ছাড়িয়া নির্ব্বাসিত হইবে।
এই নিমিত্ত তোমার লোকবৃন্দের বিরুদ্ধে কোলাহল উঠিবে; তোমার দৃঢ় দুর্গ সকলের সর্ব্বনাশ হইবে; যেমন যুদ্ধের দিনে শল্মন বৈৎ-অর্ব্বেলের সর্ব্বনাশ করিয়াছিল; মাতাকে ও বালকগণকে আছাড় মারিয়া খণ্ড খণ্ড করা হইয়াছিল।
কিন্তু বৈথেলের অন্বেষণ করিও না, গিল্গলে প্রবেশ করিও না, ও বেরশেবাতে যাইও না; কেননা গিল্গল অবশ্য নির্ব্বাসিত হইবে, বৈথেল অসার হইয়া পড়িবে।